আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ছে

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ছুটির মেয়াদ আরো ১১ দিন বাড়ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ই মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে। আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষ হওয়ার কথা ছিলো মঙ্গলবার (৫ই মে)।

আজ শনিবার (২রা মে) দুপুরে ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এবারের ছুটিতেও নির্দেশনাগুলো আগের মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। সেগুলো যখন প্রজ্ঞাপন হবে তখনই জানা যাবে। এর আগে, ছুটি ৬ই মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ এখনো বাড়ছে। এটি নিয়ন্ত্রণে না আসায় সাধারণ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উল্লেখ্য, দেশব্যাপী সাধারণ ছুটি থাকলেও রপ্তানি পোশাক শিল্প কারখানাসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগগুলো সীমিতকারে খোলা আছে।

এছাড়া ছুটি চলাকালে জরুরি পরিষেবা অর্থাৎ বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি খাতের কার্যক্রম অব্যাহত আছে।

কৃষি পণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, সংবাদপত্র, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতালও এই ছুটির বাইরে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.