যেকোনো সময় আসতে পারে ঘূর্ণিঝড় আম্ফান, বাড়বে বৃষ্টি

ওয়ান নিউজ ডেক্সঃ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানান তারা। যা দেশের চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ বা বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ঘূর্ণিঝড় বিষয়ক বিশেষ বুলেটিনে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যেকোনো সময় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আম্ফান’।

এতে আরো বলা হয়, ঘূর্ণিঝড় আম্ফান সৃষ্টি হওয়ার পর আগামী ৩ থেকে ৫ মে’র মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে এবং মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে। এ ছাড়া এর প্রভাবে আগামী ৫ থেকে ৭ মে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আন্দামান সাগরে আগামী শনিবারের মধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশে আজ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.