নিজস্ব প্রতিবেদকঃ
পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ব্যাক্তি ও রামু উপজেলার গর্জনিয়ার বাসিন্দা মো. জিন্নাত আলী। করোনা ভাইরাসের কারণে দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে জানাযা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জানাযা শেষে রামু উপজেলার গর্জনিয়ার থোয়াইংগা কাটা বড় কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন, কক্সবাজার-সদর রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ সরকারী কর্মকর্তা ও অন্যান্যরা।
উল্লেখ্য যে, জিন্নাত আলী দীর্ঘদিন ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ মস্তিষ্কে টিউমার জনিত সমস্যায় ভুগছিলেন। এরআগে, পাঁচদিন কক্সবাজার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হওয়ায় ২৬ এপ্রিল তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৭ এপ্রিল) শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকার ঘন্টাখানেক পরেই তিনি মারা যান।
১৯৯৬ সালের জিন্নাত আলী জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি শুরু হয়। সেটি একসময় বেড়ে ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়।
২০১৮ সালের অক্টোবরে জিন্নাত আলীকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া হরমোন সমস্যার কারণে তার উচ্চতা বৃদ্ধি পেতে থাকে।
উল্লেখ্য যে, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে ৮ ফুট ৬ ইঞ্চি লম্বা জিন্নাত আলী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ। ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জিন্নাত আলী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.