ওয়ান নিউজ ডেস্কঃ
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কোভিড-১৯ বা স্থানীয়ভাবে পরিচিত করোনা ভাইরাসের কারণে লকডাউনের প্রভাবের সম্মুখীন কক্সবাজার জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা পরিবারগুলোর মধ্যে খাদ্য বিতরণ শুরু করেছে।
কোভিড-১৯ এর ঝুঁকি নিরসন করতে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য বিতরণ প্রক্রিয়ায় পরিবর্তন আনার পাশাপাশি, ডব্লিউএফপি প্রয়োজন মোতাবেক কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য স্থানীয় সরকারের সাথে কাজ করছে। ঝুঁকির সম্মুখীন পরিবারগুলোর মাঝে খাদ্য বিতরণের পাশাপাশি, কক্সবাজারের সরকারি ও মানবিক সহায়তা সংস্থা-কর্তৃক পরিচালিত কোয়ারেন্টিন ও আইসোলেশন কেন্দ্রগুলোতে রোগীদেরকে ডব্লিউএফপি খাদ্য সরবরাহ করছে।
এর মধ্যে রয়েছে, আইসোলেশন কেন্দ্রগুলোতে ১৫০০ রোগীর জন্য শুকনো খাবার ও সরকারি কোয়ারেন্টিন কেন্দ্রগুলোতে ৩০০০ মানুষের জন্য হট মিল (স্থানীয়ভাবে যা খিচুড়ি নামে পরিচিত) বিতরণ। এই বিতরণ কার্যক্রম কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-কর্তৃক চলমান খাদ্য সহায়তা কার্যক্রমের সম্পূরক হিসেবে কাজ করছে।
কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন বলেন, “নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের এই সংকটকালীন সময়ে কক্সবাজারের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে ডব্লিউএফপি, যা একটি চমৎকার ব্যাপার।”
তিনি আরও বলেন, ”জেলা প্রশাসন এই সংকট সমাধানের জন্য সমন্বয়ের গুরুত্বের ওপর আলোকপাত করেছে। বিশ্বব্যাপী এই লকডাউন চলতে থাকলে মানুষের দুর্ভোগ কয়েকগুণ বাড়বে। কাজেই, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য ডব্লিউএফপি-এর কাছে জেলা প্রশাসন কৃতজ্ঞ থাকবে।”
বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি-এর প্রতিনিধি রিচার্ড রেগান বলেন, ”ডব্লিউএফপি সবসময়ই বিশ্বাস করে যে, কোভিড-১৯ বিস্তারের মতো সংকট মোকাবেলায় যৌথ প্রচেষ্টা মূল ভূমিকা পালন করে।” তিনি আরও বলেন, “কাজেই, এই ভাইরাসের ঝুঁকি ও প্রভাব হ্রাস করার জন্য স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা ক্যাম্পে মানুষদেরকে সহায়তা করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি আমরা এসব উদ্যোগ নিয়েছি।”
এই বিতরণ কার্যক্রম এই সপ্তাহে শুরু হয়েছে, যা প্রতিমাসে চলতে থাকবে। আরও অর্থ-সহায়তা (ফান্ডিং) পাওয়া গেলে, নিঃশর্ত অর্থ সাহায্যসহ অন্যান্য সহায়তার মাধ্যমে অধিকতর মানুষের কাছে ডব্লিউএফপি পৌঁছাতে সক্ষম হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.