করোনায় দেশে আরও শনাক্ত ২৬৬, মৃত্যু ১৫

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। এসময়ে নতুন শনাক্ত হয়েছেন আরো ২৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। নতুন করে ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা হলো ১৮৩৮ জন। আর মারা গেছেন ১৫জন। এছাড়া এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯জন। এ নিয়ে মোট ৫৮ জন সুস্থ হলেন।

২০১৯ সালের শেষ দিন চীনের উহান শহর থেকে শুরুর পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় মার্চ মাসের ৮ তারিখে। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর।

১৮ মার্চ আইইডিসিআরের পক্ষ থেকে বাংলাদেশে করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর আজ একদিনে সর্বোচ্চ মৃত্যুর তথ্য জানালো আইইডিসিআর।

অনলাইন বুলেটিন যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্ত রোগীদের বয়সভিত্তিক ২১ থেকে ৫০ বছর বয়সী মানুষের সংখ্যা বেশি। আর মোট ১৮৩৮ জন আক্রান্তের মোট ৪৬ ভাগ রাজধানী ঢাকার বাসিন্দা, নারায়ণগঞ্জে ২০ ভাগ। এছাড়া গাজীপুর, চট্টগ্রাম মুন্সীগঞ্জেও আক্রান্ত বাড়ছে বলে জানান ফ্লোরা।

তিনি আরও বলেন, ঢাকার মধ্যে মিরপুরের টোলারবাগে, মোহাম্মদপুর, ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকাতে সংক্রমণের সংখ্যা বেশি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.