কবর খোড়ার লোক কই!!!!

কি মর্মান্তিক। একেবারে পশুত্বের চেয়েও নিকৃষ্ট বলা যায়। করোনায় নিহত এক ব্যক্তির লাশ দাফনকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জে ঘটে গেছে এক লঙ্কাকাণ্ড। পাড়া, মহল্লা এলাকার হাজারো মানুষের প্রতিবাদের মুখে পুলিশের ব্যবস্থাপনায় ঐ ব্যক্তিকে দাফন করা হয়েছে গতরাতে। দাফন শেষে পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) খুদরত ই খুদা শুভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটি লাশ দাফন করে এভাবে স্ট্যাটাস দিয়ে জানাতে হবে তা কখনো ভাবিনি। মানুষের মাঝে মানবিকতা জাগাতে এতটা গলদঘর্ম হতে হবে, তা কখনো জানা ছিল না।’
তিনি আরো লিখেছেন, ‘সকাল থেকেই নানা বাধা-বিপত্তি আর নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে রাত পৌনে ৮টার সময় যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে পুলিশের উদ্যোগে লাশের দাফন সম্পন্ন করা হলো। দাফন কাজে বাধা দেয়ার খবর শোনা মাত্রই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত দুই প্লাটুন স্পেশাল আর্মড ফোর্স প্রেরণ করা হয়।
কয়েকজন দুষ্ট লোক এলাকায় ভুল বুঝিয়ে কয়েক হাজার লোক জড়ো করেন। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মানুষকে বুঝিয়ে ঘরে ফেরান।
কিন্তু কবর খোড়ার লোক কোথায়? শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই মোস্তাফিজ আর এস আই আহসান আরো দুই জনকে সাথে নিয়ে শুরু করেন কবর খোঁড়া। অবশেষে লাশ দাফন হলো।
একজন ব্যক্তি পেল তার মৃতদেহের সঠিক মর্যাদা। আমরা দূর থেকে দাঁড়িয়ে দোয়া পড়লাম।’
হায়রে মানবতা! নিহত ব্যক্তি যে গ্রামের হাওয়া বাতাস খেয়ে বছরের পর বছর গ্রাম কিংবা প্রতিবেশীর সাথে জগত সংসার করে এসেছিলেন। তারাই আজ তার নিথর দেহটি কবরস্থ না করার অান্দোলনে নেমেছেন। এমনকি পাওয়া যায়নি সেই গ্রাম থেকে একজন কবর খোড়ার লোকও। আহারে মানবতা!!!!
আজ একজন করোনা রোগীর দাফন নিয়ে এমন নির্মম লন্ডকান্ড। আল্লাহ না করুক আজ যদি করোনার এই মহামারি এদেশে স্পেন কিংবা ইতালির মতো হতো, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতির তৈরী হতো, সেটা বগুড়ার ঘটনা থেকে একটু হলেও আঁচ করা যায়।
অথচ স্পেন ইতালিতে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তাদেঁর দাফন কাফনে কিন্তু এমন অমানবিকতার দৃষ্টান্ত নেই। তাদের দেশের চিকিৎসকরাও এতো অমানবিক নয়।
অন্যদিকে, ৫টি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে করোনা আক্রান্ত সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছেন আল আমিন নামের এক যুবক। তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার অলংকার দিঘি গ্রামে।
শনিবার সকালে তীব্র জ্বর, সর্দি, কাশি, ও শ্বাসকষ্ট নিয়ে গ্রামে ফেরেন। তবে গ্রামের লোকেরা তাকে বাড়িতে রাখতে দেয়নি। নওগাঁ জেলা সদরহাসপাতাল, আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, রানীনগর উপজেলা হাসপাতালসহ পাঁচটা হাসপাতাল ঘুরেও কোনো চিকিৎসা না পেয়ে শনিবার বিকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে আল আমিন মারা যান। কি নিদারুণ অমানবিক ব্যবহার।
মৃত যুবক আল আমিনের বাবা মোখলেসুর রহমান জানান, তার ছেলে শনিবার সকালে সে প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে ফেরে। এ সময় গ্রামের লোকেরা তাকে গ্রামে রাখতে বাধা প্রদান করেন।
এসব কিছু দেখে আজ এক আবেগি কলাম লিখেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। “মানুষ মরছে বেশুমার” এই শিরোনামে প্রকাশিত কলামে তিনি লিখেন, হিংসা নেই। বিদ্বেষ নেই। হানাহানিও নেই। বারুদের গন্ধও নেই। কামানের গোলার শব্দও নেই। নেই বোমারু বিমানের অ্যাকশন। তবুও মানুষ মরছে বেশুমার। ঘুম নেই কারও চোখে।
সবাই এখন ক্ষমতাহীন। যাদের ইশারা-ইঙ্গিতে দুনিয়া কাঁপতো তারাও এখন ইয়া নাফসি, ইয়া নাফসি করছেন। সবাই বাঁচার তাগিদে। এক অদৃশ্য ভাইরাস দুনিয়াকে বদলে দিয়েছে। কারফিউ’র জায়গা দখল করেছে লকডাউন। নাড়িয়ে দিয়েছে ক্ষমতার মসনদকে। ধনী গরীবকে নিয়ে গেছে এক কাতারে। মানুষকে ভালবাসতে শিখিয়েছে। শত্রুর সঙ্গে হাত মেলাতে বাধ্য করেছে। মানুষ মারার যন্ত্রগুলোকেও স্তব্ধ করে দিয়েছে। চারদিকে শুধু এক আওয়াজ, বাঁচতে চাই, বাঁচাতে হবে। এক সময় মানবতা বিপন্ন হতো শক্তির লড়াইয়ে। আর এখন মানবতা বিপন্ন ভাইরাসে। পৃথিবী এখন জ্বলছে অদৃশ্য শক্তিতে। রিমোর্টটা আসলে কার হাতে? কেউ জানে না। বন্দুকের যেমন কোন দিক নেই, তেমনি এই ভাইরাসেরও নেই কোন দিক। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব দিকই তার নিশানা। বিজ্ঞানীরা ব্যর্থ। গবেষকরা কুল-কিনারা পাচ্ছেন না। প্রতিদিনই খবর আসে এই বুঝি ভ্যাকসিন এসে গেলো।
কয়েক ঘণ্টার মধ্যেই এই খবর বাসি। দাবি করছেন অন্যকেউ। আখেরে কিছুই হয়নি। বাঁচার তাগিদে মানুষ স্বেচ্ছাবন্দি। ঘরে খাবার নেই। তবুও কেউ বের হচ্ছে না
খাবারের সন্ধানে। বোমার মধ্যেও মানবতার ডাকে মানুষ হাজির হয় খাবার নিয়ে। এই ভাইরাস মানবতাকে বিপন্ন করে দিয়েছে। এই যখন অবস্থা তখন আমরা কোথায় দাঁড়িয়ে। কাউকে দোষারোপ করে বলছি না। কোথায় যেন ভুল হচ্ছে। এই ভাইরাস কারও সৃষ্টি নয়। তাই মনে হয় সত্যটা বলতে হবে। মানুষ যদি বাস্তব অবস্থা না জানতে পারে তখন বিপদ হবে আরও বেশি। সত্য গোপনের পরিণতি ভাল হয় না। বগুড়ায় একজন মানুষের দাফন নিয়ে আমাদের যে অভিজ্ঞতা হল তা বোধ করি খোলাসা করে বলার দরকার নেই।
মানবিক দৃষ্টান্ত হলো, স্পেন ও ইতালির হাসপাতালগুলোতে শেষ হয়ে গেছে মাস্ক, গ্লাস, গ্লোভস। তারপরও চিকিৎসা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এতেই হাজার হাজার নার্স, চিকিৎসকরা করোনা আক্রান্ত হয়ে পরছেন। এত ত্যাগের পরেও ভেঙ্গে পরছেন না স্পেনিশ চিকিৎসকরা। চিকিৎসক ইনেস জানান, আমি প্রতিদিন কাঁদি। আমার চোখের সামনে এত এত মানুষ মারা যাচ্ছে। এটা ভুলে যেতে পারি না। আমি আমার বয়ফ্রেন্ডকে দেখতে পারছি না দুই সপ্তাহ হয়ে গেছে। আমি চাই কেউ এখন আমাকে একটু জড়িয়ে ধরুক। আমি হাঁপিয়ে গেছি। আমরা সবাই হাঁপিয়ে গেছি।
আর এই চিত্র বাংলাদেশে সম্পূর্ণ উল্টো। এখানকার চিকিৎসকরা রোগী দেখলেই পালিয়ে যাচ্ছেন। বাস্তবতা এমন যে, পড়ে লাশ ডুবে মানবতা।
আসুন আল্লাহর কাছে পানাহ চাই। অন্তত আমি আপনি যেনো এই কঠিন পরিস্থিতির সম্মুখীন না হই।
পরম করুনাময় আল্লাহ আমাদের সকলের সহায় হোন। আমিন।
থামুন: পড়ুন সতর্ক বার্তাটি।
১ম ও ২য় ধাপের পর আমরা এবার করোনা মহামারীর ৩য় ধাপে প্রায় পৌঁছে গেছি।
ভাইরাসটি আগামী ৬-১০ দিন, সংক্রমিত হবার সর্বাধিক ঝুঁকি অতিবাহিত করবে।
সংক্রমিতদের মধ্যে ৪০-৫০℅ কোনও পূর্ব লক্ষণ ছাড়াই ভাইরাসটি বহন করবে এবং অন্যকে নীরবে-নিভৃতে সংক্রমিত করবে।
রোগটি আক্রান্ত হওয়া সবার মাঝেই সাধারন সর্দিকাশি, গলাব্যাথা আর জ্বরসহ উপস্থাপিত হবে।
ভাইরাস জনিত রোগটির অস্বাভাবিক বিস্তার / আক্রান্ত হওয়া ঠেকাতে সবার জন্যই সর্বাধিক সাবধানতা অবলম্বনের এটি চুড়ান্ত ও শেষ সময়!
এর পর আর সাবধানতার কোনও সুযোগ নেই।
এর পর আর সাবধান হয়েও কোনও লাভ নেই।
এর পর আর সাবধান হবার প্রয়োজনও নেই।
— অধ্যাপক ডাঃ মোহাম্মদ জামাল ঊদ্দিন
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ভাইরোলজিস্ট।

(মাহবুবা সুলতানা শিউলি
সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ফেসবুক ওয়াল থেকে সংগৃহিত।)

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.