এবার সীমান্তে বসল বিশেষ ক্যামেরা

সুজাউদ্দিন রুবেল, টেকনাফ থেকে :
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদক ও মানবপাচারসহ নানাভাবে আলোচিত কক্সবাজারের টেকনাফের নাফ নদীর অরক্ষিত ১০ কিলোমিটার সীমান্ত এখন ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম’ নামের বিশেষ ক্যামেরা ডিভাইস স্থাপনের মাধ্যমে নজরদারীর আওতায় এনেছে বিজিবি।
বিজিবির দাবি, দেশের সীমান্ত সুরক্ষায় প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে নজরদারীর জন্য এ আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে বিজিবি।
টেকনাফ সীমান্তের শাহপরীর দ্বীপ থেকে সাবরাং পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় আধুনিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে। যা পর্যায়ক্রমে দেশের সব সীমান্ত এলাকায় স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বিজিবিসহ সংশ্লিষ্টরা।
শুক্রবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ( আনসার ও সীমান্ত ) মো. শাহেদ আলী ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ ) বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসানের নেতৃত্ব উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল টেকনাফের সাবরাং এলাকার সীমান্তে স্থাপিত ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম’ এর কার্যক্রম পরিদর্শনে যান।
এর আগে দুপুরে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ান দপ্তরের ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম’ এর নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন প্রতিনিধি দলটির সদস্যরা।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ( আনসার ও সীমান্ত ) মো. শাহেদ আলী সাংবাদিকদের বলেন, সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে। সীমান্ত এলাকায় এটির কার্যক্রম পরিদর্শনে প্রতিনিধি দলটি এসেছে।
“ সীমান্তে নজরদারীর জন্য আধুনিক এ প্রযুক্তি ব্যবহারের যদি সুফল পাওয়া যায় পর্যায়ক্রমে দেশের সব সীমান্ত এলাকাকে এর আওতায় আনা হবে। প্রাথমিকভাবে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আগে এ প্রযুক্তি স্থাপন করা হচ্ছে। ”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ অতিরিক্ত সচিব বলেন, “ টেকনাফ সীমান্তের পাশাপাশি যশোর জেলার কুটাখালীতে ১০ কিলোমিটার সীমান্ত এলাকাকে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স সিস্টেমের আওতায় আনা হয়েছে। সেখানকার সিস্টেমটা একটু ভিন্ন। কারণ সেখানে সাইন্সপিক ক্যাবল বসানো হয়েছে মাটির নিচে। ”
“ কেউ যদি সাইন্সপিক ক্যাবল অতিক্রম করে সাথে সাথে সার্ভার রুমে সিগন্যাল দেবে। সার্ভার রুম থেকে বিজিবির দায়িত্বশীল সদস্যরা সিগন্যাল পাঠাবে এবং ওয়াকিটকির মাধ্যমে বার্তা পাঠিয়ে সন্দেহভাজন লোকজনকে শনাক্ত ও আটক করা সম্ভব হবে। ”
সীমান্তের যশোর এলাকায় চোরাচালানসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকারিতা পাওয়া সম্ভব হয়েছে উল্লেখ করে মো. শাহেদ আলী বলেন, টেকনাফ সীমান্তে আধুনিক এ প্রযুক্তি ব্যবহারে বছরের অন্য সময় সুফল পাওয়া গেলেও বর্ষাকালে কার্যকারিতার ক্ষেত্রে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছিল। এর ফলে এটি ব্যবহার কিছুদিন অচল ছিল। ”
সত্যিকার অর্থে আধুনিক এ প্রযুক্তি ব্যবহারের কার্যকারিতা সারাবছর ধরে চলে কিনা সেটি মনিটরিং করতে সীমান্ত এলাকা পরিদর্শনে মন্ত্রণালয় থেকে এসেছেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ অতিরিক্ত সচিব বলেন, “ ভবিষ্যতে যাতে সার্ভেইল্যান্স সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে কোন ধরনের ঘাটতি না থাকে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পরিদর্শনে আসা হয়েছে। বিষয়টি প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে তুলে ধরে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। ”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় টেকনাফ সীমান্তের শাহপরীর দ্বীপ থেকে সাবরাং পর্যন্ত প্রথম ধাপে ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম’ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. ফয়সল হাসান খান।
ফয়সল বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সীমান্তে নজরদারীর জন্য আধুনিক এ প্রযুক্তি স্থাপন একটি মাইলফলক। এটি পরবর্তীতে সাবরাং থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত এলাকায় স্থাপন করা হবে। এটি সম্ভব হলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সুরক্ষার পাশাপাশি অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণের আওতায় আসবে।
সীমান্তে আধুনিক এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাদকপাচার, মানবপাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধ ও রোহিঙ্গা সংশ্লিষ্ট অপরাধ দমন এবং নজরদারীর ক্ষেত্রে কার্যকর সুফল পাওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.