মেরিন ড্রাইভে চালু হয়েছে দেশের প্রথম ‘হিপ অন হিপ অপ’ সার্ভিস

নিজস্ব প্রতিবেদকঃ
সাগর ঢেউ আর সুবিশাল পাহাড়ের মাঝখানে চলে গেছে দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। দীর্ঘ এ সড়কটি সৌন্দর্য্যরে এক অন্যন্য দৃষ্টান্ত। এবার এই মেরিন ড্রাইভে চালু হয়েছে দেশের প্রথমবারের হিপ অন হিপ অপ সার্ভিস। ‘অ্যাকোয়াহোলিক ট্যুরিস্ট ক্যারাভ্যান’ নামে এই বাসটি পর্যটনে যুক্ত করেছে নতুন পালক।
‘অ্যাকোয়াহোলিক ট্যুরিস্ট ক্যারাভ্যান’ কর্তৃপক্ষ জানিয়েছে, পৃথিবীর উন্নত দেশের পর্যটন এলাকায় হিপ অন হিপ অপ সার্ভিস আছে। কিন্তু বাংলাদেশে এই প্রথম যুক্ত হয়েছে। এই বাসের মাধ্যমে পর্যটকরা উপভোগ করতে পারবে মেরিন ড্রাইভের নৈসর্গিক সৌন্দর্য্য।
প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার শহরের কলাতলী থেকে একটি ছোট বাসে করে পর্যটকদের নিয়ে যাওয়া হবে রেজুখাল ব্রীজে। পরে সেখান থেকে ক্যারাভ্যানের যাত্রা শুরু হরে। টেকনাফ জিরোলাইন ঘুরে আবার কক্সবাজার ফিরবে সন্ধ্যায়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ক্যারাভ্যান সার্ভিস আনুষ্ঠানিক উদ্বোধন করে কক্সবাজারের সাবেক সংরক্ষিত নারী সাংসদ খোরশেদ আরা হক। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাজান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান মঈনুল হাসান পলাশ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েনের (টুয়াক) সভাপতি এমএ হাসিব বাদল, সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু, তরুণ উদ্যোক্তা মিনহাজ চৌধুরী ও ক্যারাভ্যান সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক তানজিল আহমেদ।
১১ বন্ধুর উদ্যোগে চালু হয়েছে এ বিশেষ ছাদখোলা দোতলা বাস। উদ্যোক্তারা প্রতেক্যে ঢাকা বিশ^বিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ব্যবসায় নেমেছে।
ঢাকা বিশ^বিদ্যালয়ের ট্যুরিজম বিভাগ থেকে এমবিএ করেছেন অ্যাকোয়াহোলিক ট্যুরিস্ট ক্যারাভানের ব্যবস্থপনা পরিচালক তানজিল আহমেদ। তিনি জানান, বর্তমানে বাস একটি। আসন সংখ্যা উপরে ৩৬টি, নিচে ১২টি। প্রতিদিন রেজুখাল ব্রিজ এলাকা থেকে ছাড়বে। ছোট বাসে করে কলাতলী মোড় থেকে পর্যটকদের নিয়ে যাওয়া হবে ওই এলাকায়।
পর্যটনের প্রসারের জন্য বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের বাস সার্ভিস চালু আছে। এ বাসের বিশেষত্ব হচ্ছে ছাদ খোলা। পর্যটকেরা বিনোদনের মাধ্যমে ভ্রমণ করতে পারে। আর মেরিন ড্রাইভ হচ্ছে বিশ্বের দীর্ঘতম সৈকতে। এই সড়কটির দু’পাশের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটন শিল্পের প্রসারের জন্য মূলত এ উদ্যোগ বলেন ব্যবস্থপনা পরিচালক তানবীর।
কর্তৃপক্ষ জানান, এ বাসে করে কলাতলী থেকে টেকনাফ ভ্রমণের ভাড়া ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। বাসে মেরিন ড্রাইভ ভ্রমণের পাশাপাশি থাকবে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স। বাসের ভেতরে রয়েছে লাইব্রেরি। যেখানে ভ্রমণকারীদের জন্য থাকছে পর্যটন সংশ্লিষ্ট বইসহ দেশি-বিদেশি লেখকদের বই পড়ার সুযোগ। থাকবে ওয়াইফাই ও ওয়াশরুম সুবিধা। মেরিনড্রাইভ সড়কে পর্যটকদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর বিষয়টি অনেকে ইতিবাচকভাবে দেখছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাজান আলী বলেন, হিপ অন হিপ অপ সার্ভিস পৃথিবীর প্রতিটি উন্নত দেশের পর্যটন এলাকায় রয়েছে। দেশের প্রথম কক্সবাজারে এই সার্ভিস চালু হচ্ছে। এটি আমাদের জন্য গৌরবের। এটাতে আশা যেমন আছে, তেমনি ঝুঁকিও আছে। তবে সম্ভাবনার জায়গা বেশি।
তিনি বলেন, মেরিন ড্রাইভ সড়কে বিলাসবহুল বাসসার্ভিস অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে। আশা করছি, এ উদ্যোগ পর্যটনশিল্পে নতুন সম্ভাবনা তৈরি করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.