মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলায় এক কিলোমিটার জুড়ে রয়েছে শুকনো মরা গাছ। যেকোনো সময় যানবাহন ও পথচারীদের উপর পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বঙ্গবন্ধু সাফারি পার্ক গেইট থেকে ডুলাহাজারা ডিগ্রী কলেজ পর্যন্ত এক কিলোমিটার মহাসড়কের উভয় পাশে রয়েছে ডজন খানেক মরা গাছ। মহাসড়কের চকরিয়া উপজেলার বর্ণিত অংশে প্রতিনিয়ত চলাচল করছে কলেজ, স্কুল ও মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীরা। অপরদিকে সরকারিভাবে রোপণ করা এসব মরা গাছ মহাসড়কের উপর প্রায় পড়ন্ত অবস্থায় খাড়া হয়ে রয়েছে। যেকোন সময় শুকনো গাছগুলো ভেঙে গিয়ে যানবাহন ও পথচারীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। রিপন সওদাগর নামের ব্যবসায়ী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়া-আসার একমাত্র মাধ্যম এটি। ব্যস্ততম এ মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে বিভিন্ন প্রকার যানবাহন।বাতাসের গতি বাড়ার সাথেসাথে গাছগুলো যানবাহন ও পথচারীদের মাথায় পড়ে প্রাণহানিও আশঙ্কা রয়েছে। তাই যতদ্রুত সম্ভব এসব শুকনো গাছগুলো অপসারণ করা দরকার। ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী জানান সৌন্দর্য, ছায়াশীতল ও প্রকৃতির শোভা বর্ধনে সরকারিভাবে গাছগুলো রোপণ করেছিল। সম্প্রতি কলেজ গেইট ও মহাসড়কের বিভিন্ন অংশে এসব গাছ মরে শুকিয়ে গেছে। গাছগুলো কেটে ফেলা না হলে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এ ব্যাপারে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ইতোমধ্যে আমরা গাছগুলো কাটা শুরু করে দিয়েছি। কিন্তু বনবিভাগের লোকজন আমাদের কাজে বাধা প্রদান করছে। তারপরও জনস্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেওয়া হবে বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.