ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে রাজশাহী রয়্যালেসর জয়ের মধ্যে দিয়ে। এই জয় পদ্মা পাড়ের দলটিকে দুই নম্বরে রেখেছে। পাঁচ ম্যাচে চার জয়ে দলটির পয়েন্ট ৮। আন্দ্রে রাসেলের নেতৃত্বে রাজশাহী মাত্র একটি ম্যাচ হেরেছে।
এখনো পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। মাহমুদউল্লাহর দল সাত ম্যাচ খেলে পাঁচটিতে জয় তুলে নিয়েছে। দুটি ম্যাচ হেরে গিয়েছে বন্দরনগরীর দলটি। তাদের পয়েন্ট ১০।
তিন নম্বরে রয়েছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। শুরুর দিকে অতটা ছন্দে না থাকলেও ধীরে ধীরে উন্নতি করছে দলটি। ছয় ম্যাচ খেলে চারটিতে জয় তুলে নিয়েছে ঢাকা। তাদের পয়েন্টও ৮।

পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। শুরুর দিকে দলটি দুর্দান্ত খেললেও চট্টগ্রাম পর্বে সেই ধারাবাহিকতা ছিল না। পাঁচ ম্যাচ খেলা খুলনার জয় তিনটিতে। অর্জিত পয়েন্ট ৬।
শুরুর ছন্দ ধরে রাখতে পারেনি কুমিল্লা ওয়ারিয়র্স। ছয় ম্যাচ খেলে দুটিতে জিতেছে দলটি। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে কুমিল্লার অবস্থান পাঁচ নম্বরে।
হারতে হারতে মোসাদ্দেক হোসেনের সিলেট থান্ডার জয় পেয়েছে একেবারে পঞ্চম ম্যাচে এসেছে। সবমিলিয়ে দলটি ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় ওই একটি। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা সিলেটের পয়েন্ট ২।
সিলেটের মতো একই অবস্থা সর্ব উত্তরের দল রংপুর রেঞ্জার্সের। টম অ্যাবেলের দলও হারতে হারতে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে। পাঁচ ম্যাচ খেলে দলটির পয়েন্ট ২। সঙ্গত কারণেই পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে রংপুর।
ঢাকা পর্ব শুরু হবে শুক্রবার থেকে। এখান থেকেই আসলে একটু করে বোঝা যাবে কোন চারটি দল যাবে কোয়ালিফায়ারে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.