ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে লিভারপুল। মঙ্গলবার (১১ডিসেম্বর) রাতে সালসবুর্ককে ২-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয় বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে গোল না পেয়ে প্রতিপক্ষের ওপর প্রচণ্ড চাপ বাড়ানো লিভারপুলের গোলের অপেক্ষা শেষ হয় ৫৭ মিনিটে। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে আরো সামনে এগিয়ে ছোট ডি-বক্সের মুখে দারুণ এক ক্রস বাড়ান মানে। আর লাফিয়ে নেওয়া হেডে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত মিডফিল্ডার নাবি কেইতা।
পরের মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। পাল্টা আক্রমণে অফসাইডের ফাঁদ ভেঙে সতীর্থের বাড়ানো বল ধরে ছুটে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দুরুহ কোণ থেকে গোলটি করেন তিনি। ২০ গজ দূর থেকে নেওয়া শটে বল প্রথম পোস্ট ঘেঁষে গিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
ম্যাচের শুরু থেকে প্রায় সমানতালে আক্রমণ করে যাওয়া স্বাগতিকরা দুই গোল খেয়ে যেন খেই হারিয়ে ফেলে। বাকি সময় তাদের ওপর একচেটিয়া চাপ ধরে রাখে লিভারপুল। বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল তারা, কিন্তু ব্যবধান আর বাড়েনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.