২৪ ঘন্টার মধ্যে কখন-কোথায় আঘাত হানতে পারে ‘বুলবুল’

ওয়ান নিউজ ডেক্সঃ আজ শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে যেকোনো সময় বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের সুন্দরবনের অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ইতোমধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯ নং বিপদসংকেত ও মংলা-পায়রা বন্দরে ১০ নম্বার মহবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শক্তি বাড়িয়ে অতি ভয়ংকর ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসছে ‘বুলবুল’। প্রতি মুহূর্তে শক্তি সঞ্চয় করে বুলবুল সুন্দরবন উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমান গতিপথ অনুযায়ী ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলে আঘাত হানার আশঙ্কা​ রয়েছে বলে জানান আবহাওয়া বিজ্ঞানীরা।

সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে খুলনা ও বরিশাল জেলার উপকূলীয় অঞ্চল। বুলবুলের প্রভাবে গতকাল সন্ধ্যার পর থেকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজারসহ সারাদেশে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। উপকূলীয় এলাকায় বইছে দমকা হাওয়া। ১০ বছর পর এই প্রথম কোনও ঘূর্ণিঝড়ের বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার আশংকা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার রাতেই গভীর নিম্নচাপ থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম)-এ পরিণত হয় ‘বুলবুল’। এখন সেটি ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বা অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। তারা জানান, বুলবুল ছোবল দেয়ার সময় যদি সাগরে জোয়ার থাকে তবে প্রলয়ঙ্করী হয়ে উঠতে পারে। আর ভাটা থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে।

বুলবুলের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানান, এটি শনিবার সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫২৫ কি. মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫১০ কি. মি. দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৩৫০ কি. মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৭৫ কি. মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ শনিবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.