ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ অপরাধ এবং শাস্তি দুটোই মেনে নেওয়ায় শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে না এই অলরাউন্ডারের। এই নিষেধাজ্ঞা আজ মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে। সে হিসেবে ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে মাঠে নামতে পারবেন না এই অলরাউন্ডার।
এ বিষয়ে দেশের সংবাদ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করার জন্যই মূলত বোর্ডে এসেছেন সাকিব। যেখানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর সংবাদ মাধ্যমে কথা বলতে আসেন তিনি।
মূলত আইসিসিকে দেয়া বিবৃতিটিই লিখিত বক্তব্য আকারে পড়ে শোনান সাকিব। যেখানে তিনি বলেন, ‘আমি সত্যিই খুব মর্মাহত। যেই খেলাটাকে এতো ভালোবাসি সেখানে নিষিদ্ধ হলাম। তবে ম্যাচ পাতানোর প্রস্তাব আইসিসিতে না জানানোয়, আমি আমার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট খেলোয়াড়দের দুর্নীতিমুক্ত রাখতে প্রাণপণে লড়ে যাচ্ছে। কিন্তু আমি আমার অংশটা ঠিকঠাক পালন করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের সব খেলোয়াড়ের মতো আমিও চাই ক্রিকেট খেলাটা যেন দুর্নীতিমুক্ত থাকে। সামনের দিনগুলো আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে তাদের দুর্নীতিবিরোধী প্রোগ্রামে কাজ করতে আগ্রহী। আমি এটি নিশ্চিত করতে চাই যে, আমার মতো ভুল যেন কোনো তরুণ খেলোয়াড় ভবিষ্যতে না করে।’
একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন আগের চেয়ে আরও শক্ত হয়ে ফিরে আসার। এক্ষেত্রে তিনি দেশের সকলের কাছে সবসময়ের মতো সমর্থন চেয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.