অবশেষে বিসিবির সঙ্গে সমঝোতা, মাঠে নামছে ক্রিকেটাররা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বোর্ডের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিত করে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বিসিবি কার্যালয়ে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। একই সঙ্গে শনিবার থেকে ক্রিকেটারদের মাঠে ফেরার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

বুধবার রাত সাড়ে ৯টার পর শুরু হয়েছে এই বৈঠক। গুলশান থেকে মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে বোর্ডের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসদের মতো সিনিয়র ক্রিকেটাররা।

বুধবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। সেখানে তাদের মুখপাত্র হিসেবে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। ১৩ দফা দাবি পেশের পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে রাজি ক্রিকেটাররা। আজই (বুধবার) বোর্ডে যাবেন তারা।

সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনার পর বিসিবিতে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনে নামা ক্রিকেটাররা। রাত ৯টার দিকে গুলশান থেকে মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে পৌঁছান তামিম। এরপর একে একে ভেতরে গেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.