অবশেষে পয়েন্ট ভাগাভাগি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ দুই দলের জন্যই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুই দলই এক জয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচ। তাই বিশ্বকাপের একাদশতম ম্যাচটির দিকেই ফোকাস ছিল দক্ষিণ এশিয়ার ক্রিকেটীয় পরাশক্তি পাকিস্তান-শ্রীলঙ্কার। কিন্তু বেরসিক বৃষ্টি মাঠে গড়াতে দেয়নি ম্যাচটি। এতে এক পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হচ্ছে ১৯৯২ ও ১৯৯৬-এর বিশ্ব চ্যাম্পিয়দের।

ব্রিস্টলে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়ানোর কথা ছিল পাক-লঙ্কান ম্যাচটি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। বাংলাদেশ সময় পৌনে নয়টা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ম্যাচ বাতিলের ঘোষণা দেয়।

ম্যাচ বাতিলের সর্বশেষ সময় সীমা ছিল স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটি (বাংলাদেশ সময় রাত ৯টা ২০মি); কিন্তু মাঠের যা পরিস্থিতি তাতে ওই সময়ের মধ্যে মাঠ খেলার উপযুক্ত করা সম্ভব নয়। তাই আগে ভাগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, পরাজয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছিল ১৯৯২ চ্যাম্পিয়ন পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে নাস্তানাবুদ হয় তারা। তবে শক্তিশালী ইংল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে ছন্দে ফিরে সরফরাজ বাহিনী।

শ্রীলঙ্কাও প্রথম ম্যাচ পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হারে তারা। আর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে প্রতিযোগিতার রসদ জুগিয়েছেন লঙ্কানরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.