উন্নত শিক্ষার পারস্পরিক সম্পর্ক স্থাপনে সদস্য রাষ্ট্রগুলোকে ভূমিকা রাখতে হবেঃ আই.পি.ইউ. সম্মেলনে এমপি কমল

নীতিশ বড়ুয়া, রামু

মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত আই.পি.ইউ. সম্মেলনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উন্নত দেশের শিক্ষা ব্যাবস্থার সাথে বাংলাদেশের শিক্ষার পারস্পরিক সম্পর্ক স্থাপনে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়-কলেজের সাথে সদস্য রাষ্ট্রগুলোর বিশ্ববিদ্যালয়-কলেজ সমুহের আন্তঃ ক্রেডিট ট্রান্সফার সিষ্টেম চালু করে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের বৈদেশিক পড়াশুনা করার সুযোগ সৃষ্টির প্রস্তাব তুলেন। সাইমুম সরওয়ার কমল এমপি পরিবেশ বিষয়ে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রনের পক্ষেও উন্নত দেশগুলোর ভূমিকার দাবী তুলেন, তিনি এস.ডি.জি বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকা তুলে ধরার পাশাপাশি অন্যান্য দেশের সাথে সমন্বিত পরিকল্পনা গড়ে তোলার পক্ষেও আই.পি.ইউ সম্মেলনে দাবী করেন।

গত ২৭ ও ২৮ মে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের মঙ্গোলিয়া প্যালেসে অনুষ্ঠিত আই.পি.ইউ. সম্মেলন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতার বক্তব্যে তিনি উপরোক্ত দাবীসহ বিভিন্ন দাবী তুলেন।

আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ৪ দিনের সফরে গত ২৫ মে মঙ্গোলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ৫ সদস্যের প্রতিনিধি দলে সানোয়ার হোসেন এমপি, এডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ এমপি ও প্রশাসনিক কর্মকর্তা রয়েছে। আগামী ৩১ মে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বাধিন বাংলাদেশের প্রতিনিধিদল দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.