চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত
মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় ঈদের কেনাকাটা করে ফেরার পথে মার্কেটের সামনে ছুরিকাঘাতে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আনাস ইব্রাহিম পৌরসভার (৭নং ওয়ার্ড) বিনামারা এলাকার হাফেজ নেছার আহামদ ও নিজপানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাছলিমা জান্নাতের ছেলে এবং চকরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিনের ভাতিজা। সে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি’তে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
শনিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌর সদরের ওয়েষ্টার্ণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, শনিবার সন্ধ্যায় চকরিয়া পৌর শহরের বানিজ্যিক মার্কেটে ঈদের কেনাকাটা করতে যায় আনাস ইব্রাহিম। কেনাকাটা শেষে রাত ১০টার দিকে বাড়ি ফিরতে সুপার মার্কেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিল তিনি। এ সময় হঠাৎ ৫-৬জন দূর্বৃত্ত অতির্কিতে এসে আনাসকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে আনাছের নাড়িভূড়ি বের হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন আনাসকে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চট্টগ্রামের পথে চুনতি পৌঁছার পর মারা যায় আনাস। ওসময় আনাসের সাথে থাকা তার বন্ধু ইয়াছির আরাফাত মুন্না বিষয়টির সত্যতা নিশ্চিত করে। ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে রাত সাড়ে ১১টায় দিকে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
স্থানীয়রা জানিয়েছেন, কিশোরকে চুরিকাঘাত করে হত্যার ঘটনায় সালাহ উদ্দিন, বাবু, রুবেলসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের সাথে নিহত আনাছ ইব্রাহিমের পূর্বে থেকে বিরোধ ছিল। বিরোধের মধ্যে উঠে আসে দু’টি বিষয়। কয়েক মাস আগে ক্রীকেট খেলার বিরোধ এবং ৭ম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেম ঘঠিত বিষয়। পুলিশ এ দুইটি বিষয়কে সামনে রেখে এগুচ্ছে। ইতিপূর্বে স্থানীয় কাউন্সিলারদের সমন্বয়ে এনিয়ে শালিস বিচারও হয়েছে।
এদিকে ছুরিকাঘাত ঘটনার পর চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ক্ষুর (ছুরি) উদ্ধার করেছে। তবে পুলিশ আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, তাদের দু’গ্রুপের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে চিরিংগা মার্কেটের সামনে দুই কিশোরকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। জন্মধ্যে আনাছ ইব্রাহিমের পেটের নাড়ি-ভূড়ি বের হয়ে যায়। চকরিয়া জমজম হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। আহত আরেকজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.