কক্সবাজার সৈকত তীরের ডায়বেটিকস পয়েন্ট সংলগ্ন ঝাউবন এলাকায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-১৫ রামুর সহকারী পরিচালক এএসপি শাহ আলম। ঘটনাস্থল হতে একটি দো’নলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ, ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-১৫ রামুর সহকারী পরিচালক এএসপি শাহ আলম জানান, বুধবার দিনগত রাত দুইটার দিকে সৈকতের ঝাউবন এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে এমন খবরে র্যাব-১৫’র টহল দল ডায়বেটিকস পয়েন্টে চেকপোস্ট বসান। কিছুক্ষণ পর একদল লোক ঝাউবাগানের ভেতর থেকে বের হচ্ছিল। তারা সেখানে র্যাবের উপস্থিতি ঠের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়। ১৫-২০ মিনিট গোলাগুলির পর দুর্বৃত্তরা পিছু হটে।
এএসপি শাহ আলম আরো বলেন, একজনের পকেটে থাকা একটি চিরকুটে তার নাম মাসুম পিতা আনু প্রধান বলে লেখা রয়েছে। অপরজনের নাম এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ হবে। মরদেহগুলো কক্সবাজার সদর থানা পুলিশকে হস্তান্তর করা হয়ে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে দেয়া হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি তদন্ত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.