চকরিয়ায় বিচারকের উপর আসামীর হামলা

 

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দু’পক্ষের বিরোধীয় ঘটনায় স্থানীয় বৈঠকে বিচারকের উপর হামলা চালিয়েছে জিআর মামলার আসামীরা। এঘটনায় গুরুতর আহত হয়েছে ডুলাহাজারা ইউনিয়নের সাবেক মেম্বার সাইফুর রহমান। আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সাইফুর রহমান সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ষোলহিচ্ছা (৫নং ওয়ার্ড) গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। গত রবিবার সন্ধা সাড়ে ৫টার দিকে ডুলাহাজারা ইসলামীয়া দাখিল মাদ্রাসায় শালিস বৈঠকে এ ঘটনা ঘটে। জানাগেছে, গত ২৪ এপ্রিল স্থানীয় বালুরচর ষোলহিচ্ছা গ্রামে একটি মারধরের ঘটনা ঘটে। এতে ছাদেকুর রহমানের নামের এক যুবককে বেধড়ক মারধর করে দাঁত ভেঙ্গে দিয়ে অঙ্গহানি করে। এ নিয়ে পরদিন চকরিয়া থানায় ছয় জনের বিরুদ্ধে একটি মামলা (নং ৫১/জিআর ১৯২) রুজু হয়। এ মামলায় থানা পুলিশ দুই আসামীকে গ্রেফতার করলেও অপর তিন আসামী গাঢাকা দেয়। তারা হলো বর্নিত ষোলহিচ্ছা গ্রামের নুরুল আলমের ছেলে মীর কাশেম (২৮), মনজুর আলমের ছেলে আরিফুল ইসলাম (২৫), আবু তাহেরের ছেলে জিয়াবুল করিম (৩৫), নুরুল আলমের ছেলে মোকাদ্দেস (৩৪)। ওই মামলা নিষ্পত্তির লক্ষ্যে ডুলাহাজারা ইসলামিয়া মাদরাসায় রবিবার সন্ধায় উভয় পক্ষের লোকজন নিয়ে শালিসী বৈঠকে বসে। শালিসকার ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনছুর আলম, যুবলীগের সাবেক সভাপতি এহছানুল হক, প্রভাষক মঈনুদ্দিন, এমইউপি ফরিদুল আলম ও সাবেক মেম্বার সাইফুর রহমান। শালিসী বৈঠক শেষে মামলায় অভিযুক্ত আসামী ধরালো অস্ত্র-শস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শালিসকার ও সাবেক ইউপি সদস্য সাইফুর রহমানকে কুপিয়ে জখম করে। তার মাথার বিভিন্ন অংশে ভাঙ্গা গ্লাসের অংশ ঢুকে প্রচুর রক্ত ক্ষরণ হয়। উপস্থিত লোকজন তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে এ ঘটনায় আহতের ভাই কায়ছার হামিদ বাদি হয়ে চকরিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, ঘটনার বিষয়ে লিখিত এজাহার দিয়েছে। এটি মামলা হিসেবে রুজু হচ্ছে। এনিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.