ওয়ান নিউজ ডেক্সঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যৌন নিপীড়ন প্রতিরোধে তাঁর সরকার কঠোর আইন প্রণয়ন করবে, যাতে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। যারা যৌন নিপীড়ন করবে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, সে ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য তোফায়েল আহমেদ কার্যপ্রণালী বিধির ১৪১ (১) বিধি অনুসারে উত্থাপিত প্রস্তাবের প্রেক্ষিতে অনুষ্ঠিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে যা যা করণীয় আমরা তা করব। আর যৌন নিপীড়ন
যারা করবে তাদের ক্ষমা নেই। অনেক সংসদ সদস্য বলেছেন এর জন্য একটা কঠোর আইন করা দরকার। আমরা ইতোমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে বিচারের ব্যবস্থা করেছি। প্রয়োজনে এজন্য যদি কঠোর আইন করতে হয় ইনশাল্লাহ করব।’
নুসরাতের ঘটনাটি তাঁর নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা গ্রহণ করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি সাথে সাথে পুলিশকে নির্দেশ দেই কে কোন দল করে সেটা আমরা দেখতে চাই না। অপরাধী অপরাধীই। সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করা হয়। কারণ এই ধরনের ঘটনা কখনই মেনে নেয়া যায় না।’
তিনি বলেন, শিক্ষক পূজনীয়। তিনি বাবা-মা’র মতো। তাঁর কাছে শিখবে। সেই শিক্ষক যদি ভক্ষক হয় তাহলে এর থেকে লজ্জার আর কিছু নেই। আর সেটা যদি হয় মাদ্রাসায়।
তিনি এ সময় আশংকা ব্যক্ত করেন, যখনই এ ধরনের কোন ঘটনা ঘটে এবং এটার প্রচার হতে থাকে তখন দেখা যায় কোন ঘটনা একটার পর একটা সিরিয়ালি ঘটে যায়। প্রধানমন্ত্রী বলেন, ‘তবে, আমি এটুক বলব যারাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। সেক্ষেত্রে কোন দল, মত আমি দেখবো না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
‘জঙ্গিবাদ আজকে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বব্যাপীই একটি সমস্যা’ উল্লেখ করে তিনি বলেন, ‘কাজেই এটা এখন মোকাবেলা করার জন্য আমাদের দেশে এবং দেশের বাইরে সমগ্র বিশ্বব্যাপী একটা জনমত সৃষ্টি করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, শ্রীলংকার সিরিজ বোমা হামলার ঘটনায় জায়ান চৌধুরীসহ ২৫৩ জন নিহত এবং পাঁচ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে জায়ান চৌধুরীর বাবাও রয়েছে।
তিনি বলেন, নিউজিল্যান্ডের মসজিদে এবং শ্রীলংকার গীর্জা ও হোটেলে (সন্ত্রাসী হামলার) ঘটনার আমরা নিন্দা জানাই। আর এই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমি বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহবান জানাচ্ছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.