হামলার পর ইমরানের জরুরি বৈঠক তলব

ওয়ান নিউজ ডেক্সঃ পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় যুদ্ধবিমানের হামলার পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি বৈঠক ডেকেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে তিনি দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। খবর: ডন।

অবশ্য আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জাপান সফর স্থগিত করে জরুরি বৈঠক করেন। সেখানে পাকিস্তানের সাবেক সচিব ও রাষ্ট্রদূতরা অংশ নেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি বলেন, ‘দেশের মানুষের দুশ্চিন্তার কিছু নেই। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফল লড়াই করেছি। আমরা শান্তিকামী জাতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতন রয়েছি।’

এর আগে ভারত দাবি করে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণরেখা পার হয়ে ভারতীয় বিমাবাহিনীর যুদ্ধবিমান পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে হামলা চালায়। এতে জইশ-এ মোহাম্মদের বড় সংখ্যক সদস্য নিহত হয়েছেন। মিরাজ ২০০০ মডেলের যুদ্ধবিমান থেকে সেখানে ১ হাজার কেজি বোমা ফেলা হয়েছে।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ডিজি মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, সীমান্তরেখা লঙ্ঘন করেছে ভারতীয় যুদ্ধবিমান। তবে, তাৎক্ষণিকভাবে জবাব দেয়ায় তারা পালিয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় পুলিশ কনভয়ে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হন। পরে জইশ-এ মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। যদিও পাকিস্তান তা নাকচ করেছে।

পুলওয়ামা হামলার প্রেক্ষাপটে পরমাণু শক্তিধর দু’দেশের দীর্ঘ বৈরি সম্পর্কের আরও অবনতি হয়। সীমান্তে উভয় দেশ সমরাস্ত্র ও সেনা মোতায়েন করে যুদ্ধের হুমকি দিতে থাকে।

এমন পরিস্থিতিতে সোমবার রাতে হামলার দাবি করল নয়াদিল্লি। এর আগেও ২০১৬ সালের সেপ্টেম্বরে উরিতে ১৯ সৈন্য নিহতের জেরে পাকিস্তান ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করেছিল দেশটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.