জয়ে বছর শুরু ম্যান ইউর

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ মৌসুমের শুরুর অর্ধটা ব্যর্থতার চোরাবালিতেই কাটিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার উইনাইটেড। প্রিমিয়ার লীগে শীর্ষ পাঁচের বাইরে থেকে বছর শেষ করেছে তারা। এই ব্যর্থতায় কোচ জোসে মরিনিয়োকে ছাটাই করে বছরের শেষ প্রান্তে এসে। তবে নতুন কোচ  উলে গুনার সুলশারের অধীনে জয়ের ধারায় ফিরেছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

২০১৮ সালের শেষ ম্যাচে এএফসি বোর্নমাউথের বিপক্ষে বড় জয় পেয়েছিল ম্যান ইউ। সেই ধারাবাহিকতা বজায় রাখল তারা নতুন বছরও। ২০১৯ সালটাও শুরু করেছে তারা জয় দিয়েই। বুধবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ম্যান ইউ। নতুন কোচের অধীনে এটি তাদের টানা চতুর্থ জয়।

প্রতিপক্ষের মাঠে এদিন শুরু থেকেই বল দখলে নিয়ে খেলে ইউনাইটেড। ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে নিয়ে খেলে তারা। কিন্তু গোলের দেখা পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণে গেলেও নিউক্যাসলের জমাট রক্ষণে আটকে যায় সেগুলো।

বিরতির পর ইউনাইটেডের রক্ষণে উল্টো ভীতি ছড়ায় স্বাগতিকরা। ম্যাচের ৬৩ মিনিটে মার্সিয়ালকে তুলে রোমেলু লুকাকুকে নামান ইউনাইটেডের কোচ। এক মিনিটের মধ্যেই কোচের আস্থার প্রতিদান দেন বেলজিয়ান এই স্ট্রাইকার।

মার্কাস র‌্যাশফোর্ডের করা ফ্রি-কিকটি ঠিকমতো ঠেকাতে পারেননি নিউক্যাসলের গোলরক্ষক। তার হাত থেকে ফসকে যায় বল। আর এই সুযোগ কাজে লাগিয়ে দলকে ১-০তে এগিয়ে দেন লুকাকু।

ম্যাচের ৮০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাশফোর্ড নিজে। আলেক্সিস সানচেজের পাস ডি-বক্সে পেয়ে দারুণ দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ এই ফরোয়ার্ড।

এই জয়ে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.