ওয়ান নিউজ ডেক্সঃ একাদশ সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ প্রার্থীর প্রার্থিতা বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের এক আদেশের প্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে নির্বাচনে অংশগ্রহণে তাদের কোন বাধা থাকছে না।
রোববার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় শুরু হয়ে মাগরিবের বিরতির পর সাড়ে ছয়টা পর্যন্ত জামায়াতের প্রার্থীদের নিয়ে হাইকোর্টের রুলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করে কমিশন। বৈঠকে ব্যালট পেপার মুদ্রণ ও উচ্চ আদালতের রায়ে প্রার্থীশূন্য হওয়া আসনে পুন:তফসিল বা প্রার্থী বদলে বিএনপির দাবির বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, হাইকোর্টের রায়ের বিষয়ে কমিশন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। আইনগতভাবে তাদের প্রার্থিতা বাতিলের কোনো সুযোগ নেই।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে জামায়াতের প্রার্থীদের প্রার্থিতা প্রসঙ্গে কমিশনের বৈঠকে পক্ষে বিপক্ষে মতামত আসে। তবে আইন পর্যালোচনা করে কমিশন তাদের প্রার্থিতা বাতিলের মতো কোন আইনি ব্যাখ্যা পায়নি। এ বিষয়ে কমিশন থেকে যুক্তি দিয়ে বলা হয়, আরপিও অনুযায়ী তারা নিবন্ধিত রাজনৈতিক দল বিএনপির মনোনিত প্রার্থী। সে অনুযায়ী তারা দলটির প্রতীক হিসেবে ‘ধানের শীষ’ বরাদ্দ পেয়েছেন। তারা জামায়াত বা অন্য কোন দলের কিনা সে বিষয়টি সুষ্পষ্ট নয়। ফলে প্রার্থী হিসেবে তারা জামায়াতের কিনা তা প্রমাণের সুযোগ নেই। এসব বিষয় বিবেচনা করে কমিশন মনে করে তাদের প্রার্থিতা বাতিলের কোন সুযোগ নেই। সিদ্ধান্তটি কমিশন সোমবারের মধ্যে হাইকোর্টকে জানিয়ে দেবে।
জানা গেছে, জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের পাশাপাশি সংগঠনটির রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ করে রায় দিয়েছে আদালতের। কিন্তু একাদশ জাতীয় নির্বাচনে দলটির রাজনৈতিক মিত্র বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে দলটির কয়েকজন প্রার্থী। বিএনপির প্রার্থী হিসেবে ২২ জন এবং স্বতন্ত্র আরো তিনটিসহ মোট ২৫টিতে আসনে লড়ছেন দলটির নেতারা।
জামায়াতের ২৫ প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টেও রিট করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপূরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবির। জামায়াত নেতাদের নির্বাচনে অংশগ্রহণের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে ওই রিট আবেদন দাখিল করেন। আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়। আবেদনে জামায়াত নেতাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্ত নিয়েছে তা অবৈধ ঘোষণার প্রশ্নে রুল জারির জন্য আদালতে প্রার্থনা জানানো হয়েছে। এই রুল বিচারাধীন থাকাবস্থায় বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে ইসি যে সিদ্ধান্ত নিয়েছে তা স্থগিতের আবেদন করা হয়েছে এই রিটে। তিন কার্যদিবসের মধ্যে রিটটি নিষ্পত্তির নির্দেশনা দিয়েছিল আদালত। বিষয়টি নিষ্পত্তি করতে আজ বৈঠকে বসে সাংবিধানিক সংস্থাটি।
জামায়াতের ২৫ জন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে ২২ জন ধানের শীষে ও বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছে। জামায়াত প্রার্থীরা হলেন,দিনাজপুর-১ মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ মাওলানা আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ শামীম সাঈদী, ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম ১৫ আ ন ম শামসুল ইসলাম ও কক্সবাজার-২ হামিদুর রহমান আযাদ।
জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ২০০৯ সালে রিট হয়। ওই রিটের ওপর জারিকৃত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৩ সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ ঘোষণা করে। হাইকোর্টের ওই রায়ে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধানপরিপন্থী। এই রায় এখনো বহাল আছে। তিনি বলেন, যেহেতু জামায়াতের নিবন্ধন নেই সেহেতু ওই দলের কোন নেতা নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারছেন না। যেহেতু নিজস্ব প্রতীকে পারছেন না সেহেতু অন্য কোন দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.