সিরিজ জয়ের প্রত্যাশা টাইগারদের

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্স: এবার টাইগারদের সামনে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। আজ শনিবার (২২ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজ জিততেই মাঠে নামবে টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে পিছিয়ে পড়েও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনে টাইগাররা। ফলে শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা আছে দুটি দলের সামনেই।

যা হবে টাইগারদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টানা তিনটি সিরিজ জয়ের রেকর্ড। এ জন্য প্রয়োজন কেবল একটি ম্যাচ জয়।

তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দাপুটে জয় শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। ফলে আজ শেষ ম্যাচে জিতে টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় টাইগাররা। মিরপুর স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে শেষ ম্যাচটি। টেস্ট আর ওয়ানডে সিরিজের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে সিরিজ নির্ধারণী এ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না বাংলাদেশ।

বাংলাদেশ এখন পর্যন্ত ৫টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। এর মধ্যে ২টিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টাইগাররা ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২০১১ সালে। পরেরটি এ বছরের (২০১৮ সাল) আগস্টে। সে হিসেবে আজকের ম্যাচে জিতলে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সংখ্যাটিকে আরো একটি বাড়িয়ে নিতে পারবে স্টিভ রোডসের শিষ্যরা। প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেননি সাকিব।

শুক্রবার (২১ ডিসেম্বর) তৃতীয় ম্যাচকে ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার দলপতি। এ সময় বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

একদিকে শীতকাল, তার ওপর আবার ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। তাই স্বাভাবিকভাবেই উঠে আসে শিশিরের কথা। এ প্রসঙ্গে সাকিব বলেন, কিছু কিছু বিষয় ভাগ্যের ওপর ছেড়ে দেয়া ভালো। শিশির যে প্রভাব ফেলবে এ কথা আমরা সবাই জানি। তাই এটা মেনে নিয়েই খেলতে হবে। শিশিরের কারণে বোলিং করাটা কঠিন হয়ে উঠে। এর সুবিধা পায় ব্যাটসম্যানরা। তবে বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছেন সাকিব। তার অভিমত, অনেকে মনে করেন শিশিরে ব্যাটিং করা সহজ। তবে এ ধারণা পুরোপুরি ঠিক নয়। কারণ বল পড়ার পর বেশ জোরে আসে। যা ব্যাটসম্যানদের বিপাকে ফেলে দেয়। তাই সবকিছু মেনে নিয়ে মাঠে লড়াই করে ম্যাচ জেতার প্রতিই মনোযোগ দিতে চান বলে জানান সাকিব।

শুক্রবার গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল জোশি। তিনি বলেন, দ্বিতীয় ম্যাচে আমরা দারুণ খেলেছি। খেলোয়াড়রা এখন মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছে এবং তারা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আর সে আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ। অন্যদিকে আজকের ম্যাচে সাকিবদের হারিয়ে টি- টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরতে চান বলে জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।

এখন পর্যন্ত ক্যারিবিয়ানদের বিপক্ষে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে দুদলেরই রয়েছে সমান ৫টি করে জয়। এ ছাড়া পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি। তাই আজকের ম্যাচে টি-টোয়েন্টির দুইবারের বিশ^চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয়ের পাশাপাশি ম্যাচ জয়ের পাল্লাটাও নিজেদের দিকে ভারী করার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.