ওয়ান নিউজ ডেক্সঃ আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন ইন্টারনেটের গতি কমানোর বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ জানান, ওই দিন ইন্টারনেটের গতি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কমিয়ে দেওয়া হবে।
বুধবার সকালে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিসটেম(ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিসটেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিসটেম (আরএমএস) প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
সি সচিব বলেন, ভোটের দিন ইন্টারেনেটের গতি কমানোর বিষয়টি বিবেচনা করছে কমিশন। তবে নির্বিঘ্ন যোগাযোগের জন্য ওই দিন বিকাল ৪টার পর থেকে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ইসি সচিব বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। তারা আমাদের বলেছেন, ভোটের দিন ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে। ইন্টারনেটের গতি কমিয়ে দিলে আপনাদের কী কোনো অসুবিধা হবে?
এ প্রশ্নের জবাবে প্রশিক্ষণার্থীরা অসুবিধা হবে বলে জানালে তিনি বলেন, ‘আপনারা তো রেজাল্ট পাঠাবেন ৫টার পর থেকে। যদি ৫টার পর থেকেই ইন্টারনেটের গতি স্বাভাবিক থাকে তাহলে তো সমস্যা নেই। তাহলে আমরা চিন্তাভাবনা করে দেখব। অর্থাৎ বিকেল ৪টার পর ফুল স্পিডে ইন্টারনেট থাকলে আপনারা ওকে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.