‘তাড়াহুড়ো করে ইভিএম চাপিয়ে দেওয়া ঠিক হবে না’

ওয়ান নিউজ ডেক্সঃ বিমসটেক সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাড়াহুড়ো করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এটা অনুশীলনের ব্যাপার।

রবিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভুয়া ছবি দিয়ে মিয়ানমার সশস্ত্র বাহিনীর প্রোপাগান্ডামূলক একটি বই প্রকাশের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলেন, তারা এভাবে ভুয়া ছবি দিয়ে অপপ্রচার চালিয়ে জঘন্য কাজ করেছে। কিন্তু এটা তারা কার কাছ থেকে শিখল? আমাদের দেশেও তো হয়েছে। কাবা ঘরের সামনে ব্যানার ধরার ছবির মিথ্যাচারও আমরা দেখেছি। সুতরাং এসব মানুষের কাছে ধরা পড়ে যায়। মিয়ানমার সরকারও ধরা পড়ে গেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচনকালীন সরকারের প্রধান করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারে বসাবো, বসলে তো চেয়ার ছাড়ে না।

‘বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর আমি তার বাসায় গেলাম। আমার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়া হলো। ওইদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছি, তাদের (বিএনপি) সঙ্গে আর কোনো আলোচনা হতে পারে না’।

খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবে না বলে বিএনপির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে এতিমদের টাকা চুরির দায়ে। দুর্নীতির মামলায় তিনি কারাগারে। ওনারই পছন্দের ফখরুদ্দিন, মইনউদ্দিনের সময় মামলা দেয়া হয়েছে। দশ বছর ধরে এই মামলা চলেছে। ১৫৪ দিন ধার্য করা হয়েছে। তারা চুরি করলে অনেকেই তাদের পক্ষে। আর আমাদের বেলায় পান থেকে চুন খসলে তোলপাড় শুরু হয়।

বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির জন্য আমরা একমত হয়েছি। সন্ত্রাস, চরমপন্থা দমন, সবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে জোরারোপ করি বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আমরা নেতাদের সঙ্গে আলোচনায় বলেছি, বাংলাদেশ বিমসটেকের মতো সহযোগিতামূলক প্লাটফর্মের সঙ্গে কাজ করে যাবে।

মিয়ানমারের সৃষ্ট রোহিঙ্গা সংকটের বিষয় নিয়ে বিমসটেক সম্মেলনে আলোচনার ব্যাপারে প্রধানমন্ত্রী জানান, বিমসটেকে অনানুষ্ঠানিকভাবে আলোচনায় উঠেছে রোহিঙ্গা ইস্যুটি। এছাড়া সম্মেলনের ফাঁকে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকেও এ নিয়ে কথা হয়েছে।

কাঠমান্ডুতে ৪র্থ ‘বে অব বেঙ্গল ইনেসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার সকালে নেপাল যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু’দিনের সরকারি সফর শেষে শুক্রবার দেশে ফিরে আসেন তিনি। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.