বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় গোলাম সারওয়ার

ওয়ান নিউজ ডেক্সঃ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য সাংবাদিক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে সেখানে তাকে দাফন করা হয়।

আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ গোলাম সারওয়ারের মরদেহ আজ সকাল পৌনে ১১টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান দেশবরেণ্য এ সাংবাদিককে।

এরপর বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান সংবাদকর্মীরা। সেখানে তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকা জেলা প্রশাসক তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তথ্যমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে গোলাম সারওয়ারের মরদেহ নেয়া হয় তার প্রিয় কর্মস্থল সমকাল কার্যালয়ে। সেখানে সমকাল পরিবারের সদস্যরা প্রিয় অভিভাবককে শেষ শ্রদ্ধা জানান। সকাল সোয়া ৯টার দিকে সমকাল কার্যালয়-সংলগ্ন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে গোলাম সারওয়ারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

গত সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম সারওয়ারের মৃত্যু হয়। এরপর মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে নিয়ে আসা হয়।

বুধবার দুপুরে গোলাম সারওয়ারের মরদেহ হেলিকপ্টারে ঢাকা থেকে তার জন্মস্থান বরিশালের বানারীপাড়া নেয়া হয়। বানারীপাড়া মডেল ইনস্টিটিউশন মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ওইদিন বানারীপাড়া থেকে ঢাকায় চার দশকের আবাসস্থল উত্তরায় শেষবারের মতো ফেরেন গোলাম সারওয়ার। সেখানে মসজিদের ভেতর তার দ্বিতীয় জানাজায় অংশ নেন মুসল্লিরা। জানাজা শেষে রাতে গোলাম সারওয়ারের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.