ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বলিউডে দীর্ঘ সময় অতিক্রম করলেও এখনো জুটি হয়ে অভিনয় করেননি সালমান খান ও দীপিকা পাডুকোন। বলিউডের হিট মেশিন বলা হয় সালমান খানকে। বক্স অফিসে সিনেমার সাফল্য মানেই সালমান খান। জনপ্রিয়তার দিক দিয়েও রয়েছেন প্রথম সারিতে।
অন্যদিকে এই সময়ে মুম্বাই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় ও সফল নায়িকা বলা হয় দীপিকা পাড়ুকোনকে। যিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবেও পরিচিত। বক্স অফিস কিংবা দর্শকমনে তার গ্রহণযোগ্যতাও দারুণ।
দীর্ঘদিন ধরে দর্শকও তাদের দু’জনকে জুটি হিসেবে পর্দায় দেখতে চাইছেন। অবশেষে দর্শকের সে চাওয়া পূর্ণ হতে চলছে। সালমান-দীপিকার জুটি খরা কাটাতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির পছন্দসই তারকা অভিনেতাদের নিজস্ব তালিকা রয়েছে। আর সাম্প্রতিককালে সেই তালিকার শীর্ষে আছেন দীপিকা পাডুকোন। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও সর্বশেষ ‘পদ্মাবত’র মতো বানসালির মেগা বাজেটের ছবিগুলোতে নায়িকা হিসেবে ছিলেন দীপিকা।
তবে গুঞ্জন শোনা যাচ্ছে বানসালির পরবর্তী ছবিতেও নায়িকা হিসেবে দেখা যাবে দীপিকাকে। আর সেই সাথে আরো চমক হিসেবে থাকবেন সালমান খান। এই জুটিকে প্রথমবারের মতো একসাথে রুপালি পর্দায় নিয়ে আসবেন বানসালি।
জানা গেছে ‘ইনশাল্লাহ’ নামে ছবিটির নিবন্ধন হয়েছে খুব শিগগিরই। ছবিটিতে আর কে কে থাকছেন তাও বেশ ঘটা করেই জানাবেন বানশালি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.