বেনাপোল সীমান্ত হতে ইউএস ডলার ও স্বর্ণ সহ ২জন আটক

ইয়ানূর রহমান : বেনাপোল সীমান্ত থেকে পৃথকভাবে ১ লাখ ইউএস ডলার ও ২৪ পিস (২কেজি ৭শ’ ৪০ গ্রাম) স্বর্ণেরবার উদ্ধার সহ মাওলা বক্স (৩৫) ও আলমগীর হোসেন (৪০) নামে দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আটক মাওলা বক্স বেনাপোল পোর্টথানাধীন রঘুনাথপুর গ্রামের মুসা মল্লিকের ছেলে ও আলমগীর হোসেন সর্বাঙ্গহুদা গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, অভিযান চালিয়ে বেনাপোল সর্বাঙ্গহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে ১ লাখ ইউএস ডলারসহ দুই জনকে আটক করা হয়। যার মূল্য আনুমানিক ৮৪ লক্ষ (চুরাশি লাখ) টাকা। আটককৃত ইউএস ডলারসহ আসামীদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

অপর দিকে, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৪ পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাতে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন খবর আসে, বেনাপোল সীমান্তের ভারত বাংলাদেশ মেইন পিলার ২৩ হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘিবা জোড়া ব্রীজ এর নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এই স্বর্ণের চালানটি উদ্ধার করা হয় ।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে সীমান্তের ওপারে ভারতের অংশে ঢুকে পড়ে । পরে ওখান থেকে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করলে সেখানে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২কেজি ৭শ’ ৪০ গ্রাম। বাজার মূল্য ১কোটি ১৭লাখ ৮২হাজার টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা । উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.