পরিচয় মিলেছে পতেঙ্গা থেকে উদ্ধার লাশ হওয়া তরুণীর
জে,জাহেদ চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কর্ণফুলী নদীর পাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে।
লাশটি স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আমিনের মেয়ে তাসফিয়া আমিনের বলে জানিয়েছে পুলিশ। পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তাসফিয়া নগরীর সানশাইন ইংলিম গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
এসআই আনোয়ার হোসেন বলেন, ‘বুধবার সকালে লাশটি উদ্ধার হওয়ার পর লাশের ছবি গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে মোহাম্মদ আমিনের এক আত্মীয় থানায় এসে মরদেহটি তাদের মেয়ে তাসফিয়ার বলে নিশ্চিত করেছেন। ওই আত্মীয় আমাদের জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে তাসফিয়া বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘তাসফিয়ার মৃত্যুতে তার মা-বাবাসহ পুরো পরিবার শোকার্ত। এখন পর্যন্ত তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলবো।’
এর আগে বুধবার (০২ মে) সকালে পতেঙ্গার ১৮ নম্বর ঘাটে কর্ণফুলী নদীর তীরে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.