ফাইনালের আগে টাইগারদের সামনে লঙ্কান বাধা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ তিন ম্যাচ খেলে একটি জয়, দুইটি হার। হিসাবটি দুই দলের জন্যই সমান। ফলে নিদাহাস ট্রফির শুক্রবারের ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত সেমি-ফাইনালে। জিতলে ফাইনালে, হারলে বিদায়। এরকম সমীকরণ নিয়েই সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা টেস্টডিয়ামে মুখোমুখী হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রোববার টুর্নামেন্টের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে টাইগারদের পেরুতে হবে লঙ্কান বাধা।

৩ জাতির এ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু বাংলাদেশের। মাঝখানে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়। তারপর আবার ভারতের কাছে হার। চুতর্থ ম্যাচের আগে এই হল টাইগারদের পরিসংখ্যান। এর মধ্যে দলের সাথে যুক্ত হয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। যদিও তার মাঠে নামা এখনও নিশ্চিত নয়। তবু বিশ্বসেরা এ অল রাউন্ডারকে পেয়ে উজ্জীবিত বাংলাদেশ দল।

বাংলাদেশের হয়ে এ টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল মুশফিকুর রহীম। শেষ ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছেন এবং অপরাজিত থেকেছেন। আগের ম্যাচেই শ্রীলঙ্কা ২১৫ রানের টার্গেট দিয়েছিল। শেষে একা হাতে জিতিয়েছেন মুশফিক। যেটি আবার টি-টুয়েন্টি ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জেতার ইতিহাস গড়েছে। ওই ম্যাচেই ৩৫ বলে ৭২ রানের হার না মানা ম্যাচ উইনিং ইনিংস মুশফিকের। যেটি ক্যারিয়ারসেরা। বাংলাদেশকে ভাবাচ্ছে বোলিং। শেষ ম্যাচে রুবেল হোসেন ২৭ রানে ২ উইকেট পেয়েছেন। অন্যরা উইকেট পাননি। আগের ম্যাচেও বেশি বেশি রান দিতে হয়েছে।

অন্যদিকে টুর্নামেন্টে শ্রীলঙ্কাও এখন পর্যন্ত একটি জয়ই পেয়েছে। সেটি ভারতের বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে। তারপর বাংলাদেশ ও ভারতের কাছে হার। তাদের খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশকে সমস্যায় ফেলার মতো বলতে অগ্রগামী দুই কুশল- মেন্ডিস ও পেরেরা।

শেষ দুই ম্যাচেই কুশল মেন্ডিস হাফ সেঞ্চুরি করেছেন। তার আগের দুই ম্যাচে ফিফটি কুশল পেরেরার। বাংলাদেশের বিপক্ষে দুই কুশল ৮৫ রানের জুটিও গড়েছিলেন। ফলে তাদের ব্যাটে থাকিয়ে থাকবে স্বাগতিকরা। তবে অধিনায়ক দিনেশ চান্দিমালকে এই ম্যাচেও মিস করবে লঙ্কানরা। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে পারবেন দল ফাইনালে উঠলে।

সব মিলিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটিতে আসলে ইনফর্ম খেলোয়াড়দের ওপরই নির্ভর করতে হবে দুই দলকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.