চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত-১৫
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গতকাল শনিবার ও আগেরদিন শুক্রবার দিবাগত রাতে পৃথক তিনটি দুর্ঘটনায় এক পথচারীসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ভোর চারটায় চকরিয়া কলেজ গেইট, সকালে একই সড়কের হারবাং গয়ালমারা ও আগেরদিন শুক্রবার রাত দশটার দিকে মহাসড়কের চকরিয়া পৌরশহরের নিউ মার্কেটের সামনে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. আবু তাহের (৩৮)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তেতুয়া এলাকার আবদুর রশিদের পুত্র এবং ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খাওয়া সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসের সহকারী। এছাড়াও শুক্রবার দিবাগত রাত দশটার দিকে পৌরশহর চিরিঙ্গায় মোটর সাইকেলের ধাক্কায় মারা যান পথচারী মোহাম্মদ আলী (৪৫)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মিয়াপাড়ার মৃত গুরা মিয়ার পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাতে পৌরশহর চিরিঙ্গায় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী মোহাম্মদ আলী। তাকে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। এছাড়া পরদিন শনিবার ভোর চারটার দিকে মহাসড়কের চকরিয়া কলেজ গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই বাসের সহকারী আবু তাহের। এছাড়াও আহত হয় আরো অন্তত ১০ জন যাত্রী। অপরদিকে সকালে একই সড়কের হারবাং ইউনিয়নের গয়ালমারায় ম্যাজিক-টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত হয় আরো পাঁচ যাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ও সার্জেন্ট নূর-এ আলম পলাশ পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় পতিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। ##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.