শ্রীলঙ্কায় জ্বলে উঠবেন পেসাররা, আশা ওয়ালশের
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের উত্থানের শুরু পেসারদের উত্থানের সাথে। বিশেষ করে সীমিত ওভারের প্রায় সবগুলো জয়ই এসেছে পেসারদের হাত ধরে। সেই পেসাররা গত বছর থেকেই বর্ণহীন। তার প্রভাবও পড়ছে দলে। তবে খুব শিগগিরই তারা ঘুরে দাঁড়াবেন বলে আশা করছেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কোর্টনি ওয়ালশ। টাইগারদের পেস বোলিং কোচও তিনি।
ঘরের মাঠে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে বিবর্ণ ছিলেন দলের সব বোলারই। পেসারদের পারফরম্যান্স একটু বেশিই বাজে ছিল। তবে শ্রীলঙ্কায় গিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টে সেই পেসাররাই ভালো কিছু করবেন বলে আশায় বুক বাঁধছেন ওয়ালশ, ‘(পেসারদের নিয়ে) আমি অনেক আশাবাদী। ক্যাম্পে তাদের দিকেই ফোকাস ছিল। এখন তাদের এগিয়ে যেতে হবে এবং পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। আমাদের কিছু খেলোয়াড় ফিরে এসেছে। আমরা রুবেল, মোস্তাফিজ এবং তাসকিনের উপর নির্ভর করছি। (আবু হায়দার) রনি এবং (আবু জায়েদ) রাহীর উপরও। আমি আশাবাদী, ম্যাচে তারা কাজটা ঠিকভাবে করবে। তারা এই টুর্নামেন্টে খেলে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আশা করি, আমরা ঠিক থাকবো।’
গত ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সেরা ১২জন পেসারদের বিশেষ ক্যাম্প করিয়েছেন ওয়ালশ। ক্যাম্পে ৫ জন ব্যাটসম্যান থাকলেও মূল নজর ছিল পেসারদের দিকেই। মাঠে তাদের কি করতে হবে তা ভালো করেই দেখিয়ে দিয়েছেন ওয়ালশ। এবার স্বপ্ন দেখছেন তার সঠিক বাস্তবায়নের, ‘ক্যাম্প কয়েকদিন আগে শেষ হয়েছে। শেষ দুই দিন হচ্ছে মূল স্কোয়াডের যারা ওখানে আছে তাদের নিয়ে। ছেলেদের এনে তাদের নির্দিষ্ট কাজটা বুঝিয়ে দেওয়া। আমাদের ফুল নেট সেশন ছিল, ম্যাচ সেশনও ছিল যাতে তারা ম্যাচে কেমন পরিস্থিতি হতে পারে তার ধারণা নিতে পারে।’
এদিকে রোববার দুপুরেই নিদাহাস ট্রফিতে খেলতে কলম্বোর পথে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে টুর্নামেন্টটি। তবে টাইগারদের টুর্নামেন্ট শুরু হবে বৃহস্পতিবার, প্রতিপক্ষ ভারত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.