৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন ছিল না: প্রধানমন্ত্রী
ওয়ান নিউজ ডেক্সঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন ছিল না। দেশের মানুষ ভোট দিয়েছে বলেই আজ ৪ বছর পূর্ণ করতে পারলাম। এরশাদ ও খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল বলে তারা টিকে থাকতে পারেনি।
২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচনে ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শনিবার দলের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি বিএনপি জনগণের ভোট চুরি করে নির্বাচন করে। জিয়া ও এরশাদ দুজনেই ভোটারহীন নির্বাচন করেছে। অনেকেই বলে আওয়ামী লীগ ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছে। ৫ জানুয়ারি নির্বাচন কোনো মতেই ভোটারবিহীন নির্বাচন হয় নাই। ২০১৪ সালে ৫ জানুয়ারি ৪০ শতাংশের ওপর ভোট পড়েছিল। ভোট ঠেকানোর জন্য খালেদা জিয়া আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছে। ৫৮২টি স্কুল পুড়িয়েছে, ভোটকেন্দ্র পুড়িয়েছে। এদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আর ভোট দিয়েছে বলেই কিন্তু ৪ বছর পূর্ণ করতে পারলাম।
তিনি বলেন, এরশাদ কিন্তু পারেনি। এরশাদ ১৯৮৮ সালে নির্বাচন করে নব্বইয়ে পতন ঘটেছে। খালেদা জিয়া টিকতে পারেনি। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছে, মাত্র দেড় মাস পর পদত্যাগে বাধ্য হয়েছে। কারণ তারা ভোট চুরি করেছিল। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। গণতন্ত্রকে সুরক্ষা করাই আমাদের লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়া-এরশাদ। এ ব্যাপারে কিন্তু হাইকোর্টে রায় রয়েছে। যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে তারা কীভাবে গণতন্ত্রের কথা বলে।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বলাটা তাদের মজ্জাগত দোষ। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি সেটাও তাদের কাছে অপরাধ। কারণ অনেকের অন্তরে এখনো পেয়ারে পাকিস্তান রয়েছে।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া টুইট করেছে ‘আওয়ামী লীগ বুলেটে আর বিএনপি ব্যালটে’ বিশ্বাসী। এ কথা কতটুকু সত্য তা এ দেশের মানুষ জানে।
তিনি বলেন, আমিই প্রথম বলেছিলাম আমরা বুলেটে বিশ্বাস করি না আমরা ব্যালেটে বিশ্বাসী। যারা বন্দুকের নল দেখিয়ে রাষ্ট্রপতিকে অসুস্থ করে নিজে রাষ্ট্রপতি হয়ে টেলিভিশনে বলে আজ থেকে আমি রাষ্ট্রপতি। তারা আবার গণতন্ত্রের কথা বলে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.