দশম সংসদের ৪ বছর পূর্তি আজ
ওয়ান নিউজ ডেক্সঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের চার বছর পূর্তি আজ। ৫ জানুয়ারিকে দেশের বড় দুটি দল দু’ভাবে আখ্যা দিয়ে পালন করে আসছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ আর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দল বিএনপি এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।
এদিকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ আখ্যা দিয়ে পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন। এ দিনটিকে বিএনপি ‘গণতন্ত্রের কাল দিবস’ হিসেবে আখ্যা দিলেও ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করবে আওয়ামী লীগ।
গত তিন বছরের মতো দিনটিতে এবারো কর্মসূচি ঘোষণা করেছে প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ। সমাবেশ করতে চাইলেও অনুমতি না পাওয়ায় ঢাকায় কোনো কর্মসূচি রাখছে না বিএনপি। তবে ঢাকার বাইরে মহানগর, জেলা ও উপজেলা সদরে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে দলটি। ঢাকার বাইরে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। তাই সংঘাত-সহিংসতার আশঙ্কা কেউ উড়িয়ে দিচ্ছে না। এদিকে দিনটিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, গণতন্ত্রের বিজয় দিবসের দিনে বিএনপি-জামায়াত যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেজন্য আওয়ামী লীগ সারাদেশে সতর্ক অবস্থানে থাকবে। রাজধানী অলিগলিসহ দুই শতাধিক স্থানে ভোর থেকে দিনভর সতর্ক অবস্থানে থেকে বিজয়োৎসব পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসংখ্য মানুষ। যে কোন ভাবেই হোক এদিন রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ। সূত্র জানায়, গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে পুরো ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ। দুটি সমাবেশে ২০ লক্ষাধিক মানুষের ঢল নামানোর টার্গেট নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী নাশকতা, নৃশংসভাবে মানুষ হত্যা, লাগাতার অবরোধ-হরতালের নামে ব্যাপক সহিংসতা চালিয়ে পুরো দেশকেই চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। আগুনে পুড়িয়ে মানুষ হত্যাসহ বাসে-ট্রেনে আগুন, ট্রেনের ফিসপ্লেট খুলে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। একের পর এক হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপ, হুমকি-ধামকির পরও জনগণ এই দিনে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রদান করার জন্য ভোট কেন্দ্রে যান। শতকরা ৪২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছে। ওইদিন নির্বাচন না হলে মার্শাল ল হতো বাংলাদেশে। দেশের অর্থনীতি হুমকির মুখে পড়তো। এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বাধাকে অতিক্রম করে বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.