মেয়র আনিসুলের শারীরিক অবস্থার উন্নতি
ওয়ান নিউজ ডেক্সঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার ধীরে ধীরে ইতিবাচক উন্নতি হচ্ছে।
শনিবার তিনি স্বাভাবিক উপায়ে শ্বাস-প্রশ্বাস নিয়েছেন। তার সুস্থতার জন্য স্ত্রী রুবানা হক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শনিবার এ তথ্য জানিয়েছেন।
এদিকে শনিবার ফেসবুকে নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হকের বরাদ দিয়েও একই ধরনের তথ্য জানানো হয়েছে।
ফেসবুকে নাগরিক টেলিভিশন কর্তৃপক্ষ আরও বলেছেন, মেয়র আনিসুল হক মারা গেছেন বলে কেউ কেউ গুজব ছড়াচ্ছেন। এসব গুজবে কান না দিয়ে মেয়রের পরিবারের পক্ষ থেকে সরবরাহকৃত তথ্যের ওপর আস্থা রাখতে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথমে উদ্দেশ্যমূলকভাবে কে বা কারা ভুয়া আইডি থেকে মেয়র আনিসুল হকের মৃত্যুর সংবাদ প্রচার করে।
এরপর সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা মেয়র আনিসুল হকের সঙ্গে নিজের তোলা বা আনিসুল হকের বিভিন্ন সময়ের ছবি দিয়ে মৃত্যুর সংবাদ প্রচার করে তার জন্য দোয়া কামনা করেন।
প্রসঙ্গত,কিছুদিন ধরে মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) আক্রান্ত। জুলাই মাসের শেষের দিকে ব্যক্তিগত কাজে লন্ডনে গেলে গুরুতর অসুস্থ অবস্থায় সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত ১৩ আগস্ট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সংজ্ঞা হারিয়ে ফেললে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। এরপর থেকে তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.