বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ওয়ান নিউজঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ৬টা ৩৩ মিনিটে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
এরপর দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখান থেকে ফিরে যাওয়ার পর স্থানটি উন্মুক্ত করে দেয়া হয়। তখন সেখানে আওয়ামী লীগের বিভিন্ন শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.