আবারো নাটকে জুটিবদ্ধ হলেন ওমর সানী-মৌসুমী

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ চলচ্চিত্রের সফল তারকা জুটি, দম্পতি ওমর সানী ও মৌসুমী সাধারণত চলচ্চিত্রেই জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। ছোটপর্দাতেও তারা দু’জন অভিনয় করেছেন, কিন্তু হিসাবের খাতায় তা খুবই কম। আগামী ঈদের একটি নাটকে তারা দু’জন আবারো অভিনয় করেছেন। ‘এ কি খেলা’ নামের নাটকটি রচনা করেছেন বরেণ্য অভিনেত্রী বিপাশা হায়াত। নির্মাণ করেছেন মেধাবী নাট্যনির্মাতা আরিফ খান।

 

নাটকের গল্প প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, ‘মানুষের লোভ, পাপ এবং প্রায়শ্চিত্ত- এগুলো নিয়েই নাটকের গল্প আবর্তিত হয়েছে। মানুষের এ বিষয়গুলো যখন প্রকাশ হয়ে যায় তখন তার সুখটাও কলুষিত হয়। আবার মানুষের ছোট কিংবা বড় পাপ কখনোই চাপা থাকে না। কালের আবর্তে তা একসময় প্রকাশ পাবেই। এই বিষয়গুলোই আমি নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি সবসময়ই এমনকিছু লিখতে চাই যেন তা মানুষকে কিছুটা সময়ের জন্য হলেও ভাবায়।’

 

গত সোম ও মঙ্গলবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘অনেক ভালো একটি কাজ করলাম। আমি সন্তুষ্ট। আরিফ খানের নির্দেশনায় এর আগে কাজ করিনি। এটিই প্রথম। বেশ বুঝে-শুনে, যত্ন নিয়ে তিনি কাজ করেন। স্ক্রিপ্টে প্রাণ আছে। আমি জানতাম বিপাশা হায়াত ছোটপর্দার জন্য গল্প লিখেন, কিন্তু তিনি যে এতো চমৎকার লেখেন- এটা আমার জানা ছিলোনা। তার প্রতি আন্তরিক ধন্যবাদ।’

 

 

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘সত্যি বলতে কী প্রতিনিয়তই নাটকে-টেলিফিল্মে কাজ করার প্রস্তাব আসে। কিন্তু ভালো স্ক্রিপ্ট পাই না। বিপাশা হায়াতের লেখা ‘এ কি খেলা’ নাটকের গল্প পড়ে ভীষণ ভালো লেগে যায়। এছাড়া, গল্পটি স্বামী স্ত্রীকে নিয়ে। নাটকে আমার স্বামীর চরিত্রে সানীই অভিনয় করেছেন। যে কারণে কাজটি করতেও সবমিলিয়ে অনেক ভালো লেগেছে। আরিফ খান মেধাবী একজন নির্মাতা। তার কাজ করতে গেলে স্বাচ্ছন্দ্যতা নিয়ে করা যায়। এই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’

 

পরিচালক আরিফ খান জানান, আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে ‘এ কি খেলা’ নাটকটি।

 

নাটকটিতে আরো অভিনয় করেছেন পরেশ আচার্য্য, মুনিরা ইউসুফ মেমী, বৃন্দাবন দাস প্রমুখ। ওমরসানী মৌসুমী সর্বশেষ ২০১৬ সালে ‘ভালোবাসার বিশ বছর’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। তারা দু’জন বর্তমানে উত্তম আকাশের নির্দেশনায় ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রেও অভিনয় করছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.