বান্দরবানে পাহাড় ধস: নারীর লাশ উদ্ধার, নিখোঁজ ৪
ওয়ান নিউজ ডেক্সঃ বান্দরবানের রুমা সড়কের ওয়াই জংশন এলাকায় পাহাড় ধসে নিখোঁজদের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।রোববার দুপুরে মাটিচাপা অবস্থায় সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা লাশটি উদ্ধার করে। নিহতের নাম চিংমে মারমা (১৮)। তার বাড়ি বান্দরবানের রুমায় বলে জানা গেছে।
নিখোঁজ বাকি চারজনকে উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ স্থানীয়রা অভিযান চালাচ্ছে। তবে বৃষ্টির কারণে অভিযান বিঘ্নিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকায় এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে রুমা উপজেলার স্বাস্থ্যকর্মী মুন্নি বড়ুয়া, উপজেলা পোস্ট মাস্টার জবিউল আলম, গৌতম নন্দি ও চিংমে চিং মারমা রয়েছেন।
এছাড়া এ ঘটনার আহত তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
.jpg?1500805785903)
গত ২৪ ঘণ্টার টানা বর্ষণে বান্দরবান রুমা সড়কের ওয়াই জংশনের দলিয়ান পাড়ার কাছে সড়কের ওপর পাহাড় ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রোববার সকাল ১০টার দিকে ওই অংশ দিয়ে যানবাহনের যাত্রীরা পায়ে হেঁটে পার হওয়ার সময় তাদের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে।
মাটিচাপায় অন্তত পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
.jpg?1500805799341)
খবর পেয়ে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সজ্ঞিত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিমন্ত্রী নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনী ও দমকল বাহিনীকে নির্দেশ দেন।
ঘটনার পরপরই সেখানে সেনাবাহিনী ও স্থানীয়রা অভিযান চালিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করেন। তাদের বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.jpg?1500805811244)
সেনাবাহিনীর ১৯ ইসিবির উপ-অধিনায়ক মেজর ইফতেকার জানান, ঘটনার সময় সেখানে সেনা প্রকৌশলের সদস্যরা সড়কের সংস্কার কাজ করছিলেন।
ভারি বর্ষণের কারণে গত জুন মাসে রুমা সড়কের ওই অংশে পাহাড় ধসে পড়লে প্রায় এক মাস সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
গত কয়েকদিন ধরে আবারো ভারি বর্ষণ হলে ওয়াই জংশন এলাকার দলিয়ান পাড়ার কাছে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
.jpg?1500805824839)
এছাড়া অন্যান্য সড়কগুলোতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.