৩ দিনের জন্য রবির ব্যাংক হিসাব জব্দ
ওয়ান নিউজঃ
প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ব্যাংক হিসাব ৩ দিনের জন্য অপরিচালনযোগ্য বা জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিট (এলটিউ) মূল্য সংযোজন কর (মূসক) শাখা এ ব্যাংক হিসাব জব্দ করে। এলটিইউ‘র কমিশনার মো. মতিউর রহমান সই করা একটি চিঠি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ২৬ ধারা অনুযায়ী রবির রাজস্ব ফাঁকি উৎঘাটনে এলটিইউ এর অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। এই টিম চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রবির গুলশানের করপোরেট অফিস পরিদর্শন করে। টিম রবির ট্রায়াল ব্যালেন্স, প্রতিষ্ঠানের ভাড়া, সিম বিক্রি, বিটিসিএল’র ইনভয়েস তথ্যাদি সংগ্রহ করে।
এসব তথ্যাদি পর্যালোচনা করে দেখা যায়, রবি আজিয়াটা লিমিটেড ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৪ মাসে ১০ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৫ টাকার অপরিশোধিত সম্পূরক শুল্ক, ৬ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭৬১ টাকার স্থান ও স্থাপনা ভাড়ার উপর অপরিশোধিত মূসক, ৮১ লাখ ৬ হাজার ২০২ টাকা ৬৫ পয়সা সিমের উপর কম প্রদর্শিত সম্পূরক শুল্ক ও মূসক এবং বিটিসিএলকে প্রদত্ত সেবার উপর প্রযোজ্য অপরিশোধিত মূসক বাবদ ৮১ লাখ ৭১ হাজার ৯৭৪ টাকাসহ মোট ১৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৩২ টাকা ৭০ পয়সার রাজস্ব ফাঁকি দিয়েছে।
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ধারা ২৬ এর উপধারা ৪ অনুযায়ী, রবি আজিয়াটা লিমিটেডের এ ফাঁকিকৃত রাজস্ব আদায়ে ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব আগামী ৩ কার্যদিবসের জন্য জব্দ করতে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে এলটিইউ’র একজন কর্মকর্তা বলেন, মূসক আইন অনুযায়ী অপরিশোধিত রাজস্ব আদায়ে আমরা সকল ব্যাংকে রবির ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি দিয়েছি। ৩ দিন জব্দ রাখতে অনুরোধ করা হয়েছে। এরমধ্যে রাজস্ব পরিশোধ না করলে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, প্রায় ১৯ কোটি টাকা পরিশোধে ব্যাংক হিসাব জব্দের অনুরোধ করা হয়েছে। পর্যায়ক্রমে রাজস্ব পরিশোধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে রবির কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির বলেন, এটি কর ফাঁকি নয়। এনবিআর এর সাথে আমাদের দীর্ঘদিনের চলমান ডিসপিউট। মূল্য সংযোজন কর আইনের ২৬ (খ) এর ৫ উপধারা অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ নেয়ার আগে শুনানির সুযোগ দেয়াসহ আইনের অন্য বিধান অনুসরণ করার কথা থাকলেও এনবিআর রবির ক্ষেত্রে তা করেনি বলে মন্তব্য করেন তিনি। আর এই চিঠিতে এমন কিছু বিষয়ের অবতারণা করা হয়েছে যা মাননীয় আদালতে বিচারাধীন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.