নিজস্ব প্রতিবেদকঃ
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ৪ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে আগামী ১৭ আগস্ট খুলে দেয়া হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতসহ কক্সবাজার পৌর এলাকার পর্যটন কেন্দ্র। গত বুধবার রাতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রশাসনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
তিনি বলেন; করোনা পরিস্থিতির কারণে দীর্ঘসময় ধরে বন্ধ ছিল কক্সবাজারের সাড়ে ৪ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট, সহস্রাধিক বামির্জ দোকান ও ৫ শতাধিক রেস্তোরা। যার কারণে পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক কর্মচারী-কর্মকর্তা বেকার ও বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল মালিকপক্ষ।
কক্সবাজার হোটেল মোটেল জোনের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের উপর ভিত্তি করে কিভাবে পর্যটন কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া যায় সে ব্যাপারে একটি কমিটি গঠিত হয়। এরপর গত বুধবার রাতে সবার সাথে বৈঠক ও কথাবার্তা বলে আগামী ১৭ আগস্ট স্বাস্থ্যবিধি মেনে সৈকতসহ পৌর এলাকার পর্যটন কেন্দ্র ও পর্যটন ব্যবসা খুলে দেয়া সিদ্ধান্ত হয়। তবে প্রতিটি সেক্টরে নির্দিষ্ট শর্তাবলী মেনে চলতে হবে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ১৮ মার্চ থেকে কক্সবাজার সমুদ্র সৈকত সহ সকল পর্যটন স্পট ও পর্যটন ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.