ওয়ান নিউজঃ আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার পর যতো দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সংসদ সদস্যদের শপথের আয়োজন করা হবে। এরপর নতুন সরকার শপথ নেবে। তাঁর ভাষ্য, রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা হবে। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন সম্পন্ন হবে বলে আশা করছি।’
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.