ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ যেভাবে সামনে বাড়ছিলো ওয়েস্ট ইন্ডিজ তাতে মনে হচ্ছিলো আগের ম্যাচের ব্যাটিং আমেজের পথে ছুটছেই তারা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে বল্গাহারা হতে দিলো না বাংলাদেশের বোলিং। মুলত দলের দুই পেসার এবং দুই স্পিনার এজন্য বাড়তি ধন্যবাদ পেতে পারেন। নামগুলো বলি, মাশরাফি ও সাইফউদ্দিন এবং দুই স্পিনার সাকিব-মিরাজ। এই চারের হিসেবি বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গিয়ে থামলো ২৬১ রানে। অথচ একসময় মনে হচ্ছিলো খুব সহজেই তিনশ পেরিয়ে যাবে তারা।
ব্যাটিংয়ে ধারাবাহিকতা কাকে বলে সেটা একেবারে হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন উইন্ডিজের তরুণ ওপেনার শেই হোপ। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৭০ রান। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করলেন ১০৯ রান। ৫১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি সংখ্যা ছয়টি। এরমধ্যে তিনটি সেঞ্চুরিই আবার বাংলাদেশের বিপক্ষে!
আরেকটি হিসেব দেই।
বাংলাদেশের বিপক্ষে ৭টি ওয়ানডে খেলেছেন শেই হোপ। এই সাত ম্যাচে তার সবশুদ্ধ রান ৫০১। সেঞ্চুরি তিনটি। হাফসেঞ্চুরি একটি। রান গড় ১০০.২০! প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলেই আনন্দে চোখমুখ যেন ঝলমলে হয়ে উঠে ওয়েস্ট ইন্ডিয়ান এই তরুণের।
-কেন এই আনন্দ?
-ব্যাট হাতে পারফরমেন্সেই যে লেখা তার উত্তর!
বাংলাদেশের বিপক্ষে পেছনের পাঁচ ইনিংসে শেই হোপের রানগুলো এমন ৬৪, ৪৩, ১৪৬*, ১০৮* ও ১০৯! ক্যারিয়ারের বাকি সময় বাংলাদেশকেই প্রতিপক্ষ হিসেবে পেতে চাইবেন উইন্ডিজ এই উইকেটকিপার।
ডাবলিনের ক্যাসেল এভিনিউ’র ক্লনটার্ফ ক্রিকেট মাঠে টসে জিতে এই ম্যাচে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা বেশ হয় তাদের। সাইফুদ্দিনের করা ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই বাউন্ডারিতে ইনিংসের শুরু করেন শেই হোপ। সেই যে শুরু করলেন যখন থামলেন তখন তার নামের পাশে ১৩২ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস।
পাওয়ার প্লেতে কোনো উইকেট পায়নি বাংলাদেশ। ৮৯ রানে ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায়। স্পিন আক্রমণে এনেই সাফল্য পান মাশরাফি। সাকিব ও মিরাজ তাদের প্রথম স্পেলেই একটি করে উইকেট পান। ইনিংসের মাঝের ওভারে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে নিয়ন্ত্রণে রাখে মাশরাফি ও সাইফুদ্দিনের বোলিং। সাকিব ও মিরাজ দুজনেই রান খরচায় বেশ কৃপনতা দেখান। বাংলাদেশের স্পিন সামাল দিতে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে সমস্যায় পড়েছিলো তাতে এই টুর্নামেন্টের পরের মোকাবেলায় বাংলাদেশের একাদশে অবশ্যই বাড়তি স্পিনার যোগ হচ্ছে। মোসাদ্দেক হোসেন সৈকত ডাগআউটে আছেন না। তরুণ স্পিনার নাঈম হাসানও আছেন আয়ারল্যান্ড সফরের দলে।
মাশরাফি তার উইকেট টু উইকেট বোলিংয়ে ভালো সাফল্য পান। ১০ ওভারে ৪৯ রানে ৩ উইকেট। এরমধ্যে সেঞ্চুরিয়ান শেই হোপের প্রাইজ উইকেটও আছে। ১০ ওভারে ১ মেডেনসহ ৪৭ রানে ২ উইকেট পাওয়া সাইফুদ্দিনের বোলিংও সন্তুষ্ঠি মিলছে। তবে ভালো বোলিংয়ের দিনে মুস্তাফিজের খরুচে বোলিংই একমাত্র চিন্তার রেখা। ১০ ওভারে ৮৪ রানে ২ উইকেটের স্পেলকে ভালো বোলিং বলার উপায় যে নেই!
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২৬১/৯ (৫০ ওভারে, হোপ ১০৯, অ্যামব্রিস ৩৮, চেজ ৫১, কার্টার ১১, মাশরাফি ৩/৪৯, সাইফুদ্দিন ২/৪৭, সাকিব ১/৩৩, মিরাজ ১/৩৮, মুস্তাফিজ ২/৮৪)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.