স্টিভ বাকনর ভারতের বিপক্ষে করা ভুল এক যুগ পর স্বীকার

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ক্যারিবিয়ান কিংবদন্তি স্টিভ বাকনর, প্রথম আম্পায়ার হিসেবে একশ টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। ক্যারিয়ারে মোট ১২৮টি টেস্ট ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। তবে এই সব ম্যাচের মধ্যে ২০০৮ সালে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিডনি টেস্টের দুটি ভুল সিদ্ধান্ত এখনো তাড়িয়ে বেড়ায় বাকনরকে। এক যুগ পরে সেই ভুল স্বীকার করলেন এই ক্যারিবিয়ান আম্পায়ার।

‘মাঙ্কিগেট’ খ্যাত সেই টেস্টের ভুল দুটি সিদ্ধান্তই ভারতের বিপক্ষে নিয়েছিলেন বাকনর। আর ম্যাচ হেরে সে বাকনরের ভুলের খেসারত দিতে হয়েছে সফরকারী ভারতকে।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘মিড ডে’-তে দেওয়া সাক্ষাৎকারে বাকনর বলেন, ‘আমি ২০০৮ সালে সিডনি টেস্টে দুটি ভুল করেছিলাম। প্রথম ভুলটা তখন হয়েছিল, যখন ভারত বেশ ভালো অবস্থানে ছিল। আমি অস্ট্রেলিয়ার এক ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে দেই। আর দ্বিতীয় ভুলটি ছিল ম্যাচের পঞ্চম দিনে। যেটির কারণে সম্ভবত ম্যাচটি হেরেই যায় ভারত।’

বাকনর নিজের যে ভুলের কথা তুলে ধরেছেন, তারমধ্যে প্রথমটি হলো, টেস্টের প্রথম দিন বাকনরের ভুল সিদ্ধান্তে জীবন পেয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। ৩০ রান করা সাইমন্ডসকে আউটের জন্য আবেদন করেন ইশান্ত শর্মা। তখন অজিদের রান ছিল ৬ উইকেটে ১৩৪। খেলার নিয়ন্ত্রণ ভারতের হাতে। কিন্তু সাইমন্ডসকে তখন আউট দেননি বাকনর। সেখান থেকে সাইমন্ডস, ব্র্যাড হগ এবং ব্রেট লি মিলে দলের রান ৪৬৩ তে নিয়ে যায়। সাইমন্ডস করেন ১৬০ রান।

বাকনরের দ্বিতীয় ভুল ছিল ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে আউট দেওয়া। ম্যাচের পঞ্চম দিন ভারতকে ৭২ ওভারের মধ্যে ৩৩৩ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলীর জুটিতে ভালোই জবাব দিচ্ছিলো ভারত। ঠিক সেই সময় সাইমন্ডসের বলে দ্রাবিড়কে আউট দিয়ে দেন বাকনর। দলের রান তখন ১১৫ রানে। সেই অবস্থায় দ্রাবিড়কে হারানো ভারত শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায়। অস্ট্রেলিয়াও ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়।

সেই দুটি ভুল এখনো বাকনরকে তাড়িয়ে বেড়ায় জানিয়ে এই ক্যারিবিয়ান আম্পায়ার বলেন, ‘পাঁচদিনের টেস্টে মাত্র দুটি ভুল ছিল। আমি কি প্রথম আম্পায়ার যে টেস্টে দুটি ভুল করেছিলাম? তবে সত্যি বলতে, ওই দুটি ভুল আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.