সোমবার দেশে আসছে আমজাদ হোসেনের মরদেহ

ওয়ান নিউজ  বিনোদন ডেক্সঃ সদ্য প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ সোমরার ফ্লাইটে ঢাকায় নিয়ে আসা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

তিনি বলেন, ‘ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে বাবার মরদেহ ঢাকায় আনার আগে, সেখানের কিছু আনুষ্ঠানকতা আছে যা শেষ করতে সময়ের প্রয়োজন ছিল। আমরা আশা করি, সোমবার বাবার মরদেহ ঢাকায় নিয়ে আসতে পারব। ব্যাংককে রোববার হলিডে থাকার কারণে, এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি এখনও নিশ্চিত করতে পারছি না। সোমবার দুপুরে সম্ভব না হলেও, আশা করি রাতের ফ্লাইটে বাবার মরদেহ দেশে আনতে পারব।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ বর্তমানে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককে চিকিৎসাধীন দেশবরেণ্য চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে, ২৭ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়।

‘গোলাপি এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘কসাই’, ‘নয়নমণি’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’সহ এমন অসংখ্য জনপ্রিয় সিনেমার কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক ৭৬ বছর বয়সী গুণী এই মানুষটি। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.