সিনিয়রদের দায়িত্ব নিতে বললেন ওয়ালশ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিদাহাস ট্রফিতে টাইগারদের অন্তর্বর্তী কালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন কোর্টনি ওয়ালশ। আর প্রধান কোচ হয়েই ওয়ালশ জানালেন, টুর্নামেন্টে ভালো করতে হলে সিনিয়রদের দায়িত্ব নিতে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দলে প্রত্যেককেই আলাদা আলাদা ভূমিকা রাখতে হবে, আর সিনিয়রদেরই এ দায়িত্ব নিতে হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টির ২ ম্যাচে ৬ তরুণের অভিষেক হলেও কেউই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি। তাই এবার অভিজ্ঞদের ওপরই বেশি ভরসা রাখছে বিসিবি। দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস। নতুন কোচ ওয়ালশও ভরসা রাখতে চাইছেন অভিজ্ঞদের ওপরই।

তাসকিন ও ইমরুলের দলে ফেরাটাকে ভালো খবর উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমরা তাদের (খেলোয়াড়দের) আলাদা আলাদা ভূমিকা দেয়ার চেষ্টা করব। ইমরুল ও তাসকিনের সে অভিজ্ঞতা আছে। ফলে তাদের দলে পেয়ে ভালো হয়েছে। আশা করি তারা খুবই ক্ষুধার্ত এবং সুযোগ পেলে সেরা খেলাটাই খেলবে। যদি আমরা দল হিসেবে ভালো খেলতে পারি, তবে ভালো কিছু করতে পারব।’

ঘরের মাঠে পরিচিত কন্ডিশনেই যেখানে বিধ্বস্ত টাইগাররা। সেখানে প্রশ্ন এসেছে শ্রীলঙ্কার কন্ডিশন নিয়ে। আর এ নিয়ে ওয়ালশের ঝটপট উত্তর, ‘প্রায় একই ধরনের কন্ডিশন। কিন্তু সেখানে গেলেই বিষয়টি আমরা মূল্যায়ন করতে পারব। তবে আমরা কেমন কন্ডিশন পাব, সে সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারনা আছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.