ওয়ান নিউজঃ কঠোর লকডাউনেও পোশাক ও বস্ত্র কারখানা খোলা থাকবে বলে পোশাকশিল্প মালিকদের নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার বিকেলে পোশাক ও বস্ত্রশিল্প মালিকদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা জানান তিনি।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউনে’ ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সাধারণ ছুটি ঘোষণা আসতে পারে। এ বিষয়ে প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। এই বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, সাধারণ ছুটির ঘোষণা আসছে। আপাতত এক সপ্তাহের হলেও পরিস্থিতি বিবেচনায় পরে এটি আরও এক সপ্তাহ বাড়ানোরও চিন্তাভাবনা আছে।
সাধারণ ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ রাখাসহ অন্যান্য কী কী বিধিনিষেধ থাকবে, সেটি নিয়ে এখন কাজ চলছে। পরিপত্রে এসব বিষয় স্পষ্ট করা হবে।
অবশ্য সরকার এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি করেনি। এর আগে রোববার সকালে লকডাউনে পোশাক ও বস্ত্র কারখানা খোলা রাখার দাবি জানায় তৈরি পোশাক খাতের চার সংগঠন- বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.