‘সর্বাত্মক’ লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলও বন্ধ

ওয়ান নিউজঃ ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট।

‘তবে কার্গো বা পণ্যবাহি উড়োজাহাজ ও বিশেষ ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।’

১৪ এপ্রিল থেকে সাত দিনের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। খুব শিগগিরই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান।

গত ৪ এপ্রিল লকডাউন নিয়ে ১১ দফা নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরের দিন থেকে শুরু হয় সাত দিনের লকডাউন। রোববার এই লকডাউন আরো দুদিন বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বেবিচক।

এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে ও সবশেষ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। ১ জুন থেকে স্বাস্থ্যবিধিসহ নানা বিধিনিষেধ বেঁধে দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.