ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ লড়াইটা ছিল লা লিগার পয়েন্ট টেবিলের। ছিল মর্যাদারও। রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ওই লড়াইয়ে জেতেনি কোনো দল। অ্যাথলেটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অ্যাথলেটিকো ও তিনে থাকা লস ব্লাঙ্কোসদের পয়েন্ট হারানোয় তাই লাভ হয়েছে বার্সেলোনার। রোজি ব্লাঙ্কোসদের সঙ্গে কমেছে তাদের পয়েন্ট ব্যবধান। আর বেড়েছে জিদানের দলের সঙ্গে।
রোববার রাতে লা লিগার হাই ভোল্টেজ এই ম্যাচে ১২ মিনিটের মাথায় গোল করেন বার্সেলোনা থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে আসা উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তার গোলেই জয় দেখছিল ডিয়াগো সিমিওনের দল। কিন্তু ৮৮ মিনিটে বার বার গোলের সুযোগ হারানো করিম বেনজেমা দলকে সমতায় ফেরান। কাসেমিরোর তৈরি করে দেওয়া সহজ সুযোগ থেকে গোল করে দলের হার এড়ান।
মাদ্রিদ ডার্বির এই সমতায় এক পয়েন্ট পেয়ে টেবিলে অ্যাথলেটিকোর পয়েন্ট হয়েছে ৫৯। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে তারা তিন পয়েন্ট এগিয়ে আছে। অন্যদিকে সমান ম্যাচে তিনে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৪। তিন দলের জন্যই এখন সামনের ম্যাচগুলো হয়ে উঠেছে এক একটা ফাইনালের মতো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.