ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ হ্যামিল্টনে আরেকটি হতাশার দিন কাটল বাংলাদেশের। সারা দিনের প্রতিপক্ষের মাত্র ৪ উইকেট নিতে পারল বাংলাদেশের বোলাররা। তার মধ্যে ৩টিই নিলেন দুই ‘পার্ট টাইম’ বোলার মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। দিনের শেষ দিকে উইকেটের মুখ দেখেন মেহেদী হাসান মিরাজ। বিপরীতে সফরকারীদের হতাশায় পুড়িয়ে ৪৫১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
শুক্রবার মাত্র দ্বিতীয় দিনের খেলা শেষ হল। এরই মধ্যে নিউজিল্যান্ড লিড নিয়েছে ২১৭ রানের। হাতে ৬ উইকেট। এই লিড যে তারা আরো ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবে তাতো সহজেই অনুমেয়। অপরাজিত ৯৩* রান নিয়ে দিন শেষ করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, সঙ্গে নিল ওয়াগনার (১*)।
প্রথম দিন বাংলাদেশের ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তামিম ইকবাল। ১২৮ বলে তার ১২৬ রানের ওয়ানডে মেজাজের ইনিংসটির জবাব দিলেন জিত রাভাল ও টম ল্যাথাম। দারুণ দৃঢ়তায় সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই কিউই ওপেনার।
ওপেনিং জুটিতে ২৫৪ রান তোলে নিউজিল্যান্ড। অর্থাৎ বাংলাদেশের ১০ জন মিলে যে রান করেছেন, তার চেয়ে ২০ রান বেশি এসেছে স্বাগতিকদের ওপেনিং জুটি থেকে।
এরপর নিয়মিত বোলারদের নির্বিষ বোলিংয়ে হতাশ হয়ে বল হাতে তুলে নেওয়া মাহমুদউল্লাহ ফেরান রাভালকে। রাভালের ২২০ বলে ১৩২ রানের ইনিংসটিতে ছিল ১টি ছক্কা ও ১৯টি চারের মার। অন্য ওপেনার ল্যাথাম সৌম্যর শিকার হওয়ার আগে ৩টি ছক্কা ও ১৭টি চারে সাজিয়ে ২৪৮ বলে ১৬১ রান করেন।
চার নম্বরে নামা রস টেইলর (৪) অবশ্য সৌম্যর দ্বিতীয় শিকার হয়ে দ্রুতই মাঠ ছাড়েন। এরপর হেনরি নিকোলসকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক উইলিয়াসমন। দুইজন মিলে বাকি দিনটাই প্রায় পার করে দিচ্ছিলেন। কিন্তু দিনের শেষ দিকে এসে উইকেটের দেখা পান মিরাজ। বোল্ড করেন নিকোলসকে। তার আগে অবশ্য ১০০ রানের জুটি গড়ে ফেলেন উইলিয়ামসন-নিকোলস মিলে। আর ব্যক্তিগত ৫৩ রানে সাজঘরে ফেরেন নিকোলস। এরপর ওয়াগনারকে নিয়ে দিনের বাকি দুইটা ওভার নির্বিঘ্নেই পার করেন উইলিয়ামসন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.